আজ ঐতিহাসিক “মেদিনীপুর শ্রী অরবিন্দ স্টেডিয়াম” এ বসেছিল ডিস্ট্রিক্ট ক্লাব চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচের আসর।
আজকের এই মেগা ফাইনালে একদিকে ছিল ঝাড়গ্রাম জেলার বিখ্যাত ক্লাব ডিয়ার পার্ক ক্লাব ঝাড়গ্রাম এবং অন্যদিকে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল ঘাটালের অত্যন্ত পরিচিত ফুটবল দল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঘাটাল।
এই ফাইনাল ম্যাচ শুরু থেকেই বেশ জমে ওঠে। প্রথমার্ধের ৩৫ মিনিটের মাথায় গোল করে ঘাটাল দলকে প্রথম ধাক্কা দেন ডিয়ার পার্ক দলের ৭ নম্বর জার্সিধারি ফুটবলার গোরা সরেন এবং প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ পেয়েও গোল করতে না পারায় প্রথমার্ধের শেষে খেলার ফলাফল থাকে ১-০।

এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধ। দ্বিতীয়ার্ধে একদিকে যেমন ঝাড়গ্রামের ফুটবলাররা ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠেন, সেরকমই অন্যদিকে ঘাটাল দলের ফুটবলাররাও ম্যাচে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন। ফলও পান হাতে নাতে। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে একটি গুরুত্বপূর্ণ গোল করে দলকে সমতায় ফেরান ঘাটাল দলের ১০ নম্বর জার্সিধারী ফুটবলার রমেশ হেমব্রম।
কিন্তু হিন্দিতে একটা বিখ্যাত প্রবাদ রয়েছে – “পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত” আর দ্বিতীয়ার্ধের ৮৯ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করে এই বিখ্যাত প্রবাদকেই যেন আজ মাঠে উপস্থিত কয়েকশো দর্শকের কাছে সত্যি করে তুললেন ঘাটাল দলের “সোনালী ছেলে” রমেশ হেমব্রম। হয়ে উঠলেন আজকের এই মেগা ফাইনালের রূপকথার নায়ক।

এইভাবেই মাত্র ১৩ মিনিটের মধ্যে এক দুর্দান্ত ম্যাজিকাল পারফরম্যান্স এর মধ্য দিয়েই সকলকে অবাক করে পর পর দু-দুটি স্বপ্নের গোল করে এই টুর্নামেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়ন দল ডিয়ার পার্ক দলের স্বপ্নকে চূর্ণ-বিচূর্ণ করে ২-১ গোলে নিজের দল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঘাটাল কে চ্যাম্পিয়নের শিরোপা জিতিয়ে আজ সকলের নয়নের মণি হয়ে উঠলেন মেগা ফাইনালে জোড়া গোলের নায়ক রমেশ হেমব্রম।
শেষ পর্যন্ত আজকের এই “মেগা ফাইনাল” এ ডিয়ার পার্ক ক্লাব ঝাড়গ্রাম কে ২-১ গোলে হারিয়ে ডিস্ট্রিক্ট ফুটবল ক্লাব চ্যাম্পিয়নশিপ এ চ্যাম্পিয়ন এর খেতাব জিতে নিল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঘাটাল।

যাই হোক, ফাইনালে অংশগ্রহণকারী দুই দলকেই আমাদের মহামেডান স্পোর্টিং ক্লাব মেদিনীপুর (ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব, পশ্চিম মেদিনীপুর জেলা শাখা) এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আরও পড়ুন : Football : ডার্বির ময়দানে সম্প্রীতির নজির স্থাপন করলো “মহামেডান স্পোর্টিং ক্লাব, মেদিনীপুর”