২০২৬ সালে যেন টলিপাড়ায় পুরনো সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। পুজোর মরসুমে দেব ও শুভশ্রীর জুটির প্রত্যাবর্তন নিয়ে যখন দর্শকের আগ্রহ তুঙ্গে, ঠিক তখনই বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এল আরও এক চমকপ্রদ খবর। দীর্ঘ ১১ বছর পর ফের রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ছবিতে অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী।
রাজ চক্রবর্তী পরিচালিত ‘কাটমুণ্ডু’ ছবিতে শেষ বার একসঙ্গে কাজ করেছিলেন রাজ ও মিমি। ২০১৫ সালের সেই ছবির পর তাঁদের আর কোনও সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ এই বিরতির পর ফের পেশাগত ভাবে তাঁদের পথ এক জায়গায় মিলতে চলেছে বলে খবর।
রাজ-মিমি জুটি একসময় বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি ছিল। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’র মতো একাধিক ছবিতে তাঁদের কাজ দর্শকের প্রশংসা পেয়েছে। পরবর্তী সময়ে ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ বদলালেও পেশাদারিত্বের জায়গা থেকে দু’জনেই বরাবর জানিয়েছিলেন, ভাল চিত্রনাট্য ও উপযুক্ত চরিত্র পেলে ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে তাঁদের আপত্তি নেই।
টলিপাড়ার সূত্রের খবর, সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর তরফে মিমির কাছে একটি ছবির প্রস্তাব গিয়েছে। এই ছবির সঙ্গে জি ফাইভ-এরও যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, পরিচালক অয়ন চক্রবর্তী রাজের প্রযোজনা সংস্থার ব্যানারে ছবিটি তৈরি করছেন। সেই ছবির মুখ্য চরিত্রের জন্যই মিমিকে প্রস্তাব দেওয়া হয়েছে।
সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই ছবিটির শুটিং শুরু হতে পারে বলে খবর। যদিও ছবির গল্প, মিমির চরিত্র কিংবা তাঁর বিপরীতে কে থাকছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
রাজ ও মিমির পেশাগত সম্পর্কের এই প্রত্যাবর্তনের খবর এমন সময় সামনে এল, যখন পুজোর ছবিতে দেব-শুভশ্রীর জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। ফলে টলিপাড়ায় একের পর এক পুরনো জুটির নতুন করে ফিরে আসা যে বাংলা সিনেমার দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করছে, তা বলাই যায়।
একসময় ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজ ও মিমিকে বার বার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ভবিষ্যতে তাঁরা একসঙ্গে কাজ করবেন কি না, সেই প্রশ্নের উত্তরে দু’জনেই অবশ্য বরাবর পেশাদারিত্বকেই গুরুত্ব দিয়েছেন। এ বার সত্যিই সেই কথার প্রতিফলন দেখা যায় কি না, তা সময়ই বলবে।
তবে ১১ বছর পর রাজের প্রযোজনা সংস্থার ছবিতে মিমির যোগ দেওয়ার খবর যে টলিপাড়ায় ইতিমধ্যেই নতুন কৌতূহল তৈরি করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন: Ram Kapoor: পর্দায় আদর্শ স্বামী, বাস্তবে বিতর্কে ঘেরা জীবন! ৫৩-তে রাম কপূরের অন্য গল্প
Image source-Google