কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত জাহান। রাজারহাটের ফ্ল্যাট প্রতারণা মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন নুসরত। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। গাড়ি থেকে নেমেই কোনও মন্তব্য না করে সরাসরি ইডি দফতরে ঢুকে যান তিনি।
এই মামলায় এর আগেও নুসরতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে সম্প্রতি তদন্তে নতুন তথ্য উঠে আসায় তাঁকে ফের তলব করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, রাজারহাট এলাকায় একটি আবাসন প্রকল্পে ফ্ল্যাট দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি মতো ফ্ল্যাট বা টাকা— কোনওটাই পাননি ক্রেতারা। অভিযোগকারী পক্ষের দাবি, ওই সংস্থার সঙ্গে নুসরতের নাম যুক্ত ছিল।
সিজিও কমপ্লেক্সে পৌঁছতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। কিন্তু কোনও প্রশ্নের উত্তর না দিয়ে তিনি দ্রুত ভিতরে প্রবেশ করেন। সাদা সালোয়ার-কামিজ় ও রোদচশমায় দেখা যায় অভিনেত্রীকে। তাঁর পাশে ছিলেন যশ দাশগুপ্ত, যিনি শুরু থেকে তাঁর সঙ্গে ছিলেন।
ইডি সূত্রে আরও জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে এই মামলার তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হাতে এসেছে। সেই সূত্র ধরেই আবার নুসরতকে ডেকে পাঠানো হয়েছে। যদিও এর আগে তিনি দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। নির্দিষ্ট দিনে তাঁর দিল্লিতে থাকার কথা ছিল বলেও জানিয়েছিলেন। তবে শেষপর্যন্ত কলকাতাতেই হাজিরা দেন তিনি।
প্রসঙ্গত, এই ফ্ল্যাট প্রতারণা মামলার সূত্রপাত কয়েক বছর আগে। অভিযোগ ওঠে, ২০১৪-১৫ সালে একটি সংস্থা ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে লক্ষাধিক টাকা নেয় ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অভিযোগ অনুযায়ী, প্রত্যেকের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নেওয়া হলেও কেউই ফ্ল্যাট পাননি। এই ঘটনায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়ায়।
অভিযোগকারীদের দাবি, ওই সংস্থার ডিরেক্টর পদে নুসরত জাহানের নাম ছিল। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন অভিনেত্রী। তিনি দাবি করেছেন, সংস্থার সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগ নেই।
এই পরিস্থিতিতে নতুন করে ইডির তলব ও জিজ্ঞাসাবাদ ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে। তদন্ত কোন দিকে এগোয়, এবং নুসরতের ভূমিকা নিয়ে কী সিদ্ধান্তে পৌঁছয় ইডি— এখন সেটাই দেখার।
আরও পড়ুন: Dehydration: শরীরে জল কমছে? ৩ সহজ পরীক্ষাতেই বুঝে নিন ডিহাইড্রেশনের লক্ষণ
Image source-Google