বলিউডে তারকাদের প্রেম, গুঞ্জন আর জল্পনা নতুন কিছু নয়। পর্দায় রসায়ন জমলে বাস্তব জীবন নিয়েও শুরু হয়ে যায় নানা কল্পনা। ঠিক তেমনই এক সময় আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন হৃতিক রোশন ও করিনা কপূর। একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করার ফলে দর্শকের একাংশ ধরে নিয়েছিলেন, পর্দার বাইরেও নাকি তাঁদের সম্পর্ক রয়েছে।
সেই জল্পনাই এক সময় আরও উসকে দেয় একটি ম্যাগাজ়িনে প্রকাশিত খবর। সেখানে দাবি করা হয়েছিল, একটি বিমানের অন্দরে নাকি ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে হৃতিক ও করিনাকে। খবরটি প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় বিনোদন মহলে। প্রশ্ন ওঠে—এই খবরের সত্যতা কতটা?
ঘটনার প্রেক্ষিতে প্রথম মুখ খুলেছিলেন হৃতিকের বাবা তথা পরিচালক রাকেশ রোশন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, গোটা বিষয়টাই ভিত্তিহীন। সে সময় রাকেশ রোশন বলেছিলেন, “যিনি এই প্রতিবেদন লিখেছেন, তিনি আসল ঘটনা জানতেন না। হৃতিক এবং করিনা লন্ডনে একটি ছবির শুটিংয়ের জন্য গিয়েছিলেন। সেই শুটিং চলাকালীন আমিও ওদের সারপ্রাইজ দিতে সেখানে গিয়েছিলাম। ফলে বিমানে ঘনিষ্ঠ হওয়ার গল্প পুরোপুরি বানানো।”
এই মন্তব্যের পর অনেকটাই থামে গুঞ্জন। পরে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন হৃতিক রোশন নিজেও। তিনি জানান, তাঁর পরিবার এবং তৎকালীন স্ত্রী তাঁর উপর সম্পূর্ণ ভরসা রাখেন। তাই এই ধরনের গুজব তাঁকে বিচলিত করতে পারেনি। বরং তিনি আক্ষেপ প্রকাশ করেছিলেন করিনার জন্য। তাঁর কথায়, “এই ধরনের ভুয়ো খবর সবচেয়ে বেশি ক্ষতি করে অভিনেত্রীদের সম্মান ও ব্যক্তিগত জীবনের।”
এক সময় ‘কভি খুশি কভি গম’, ‘ইয়াদেঁ’, ‘মুঝসে দোস্তি করোগে’—এর মতো ছবিতে হৃতিক-করিনার জুটি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। সেই জনপ্রিয়তার সুযোগ নিয়েই তাঁদের সম্পর্ক নিয়ে নানা রকম গল্প ছড়িয়েছিল বলে মনে করেন অনেকে।
বছরের পর বছর কেটে গেলেও বলিউডে এই ধরনের পুরনো গুঞ্জন আজও ফিরে ফিরে আসে। তবে হৃতিক-করিনার এই বিমানের ঘটনার ক্ষেত্রে পরিবারের স্পষ্ট বক্তব্যই প্রমাণ করে দেয়, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো সব খবর যে সত্য হয় না, তা বলাই বাহুল্য।
Image source-Google