দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না—দীপিকা পাড়ুকোনের এই মন্তব্য ঘিরে বলিউডে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ এই দাবির পক্ষে, কেউ আবার বিপক্ষে। এই আলোচনার মাঝেই উঠে এল আর এক তারকার কর্মদিবসের ছবি। ৮৩ বছর বয়সে ঠিক কতক্ষণ কাজ করেন অমিতাভ বচ্চন?

 

বিগ বি-র দৈনন্দিন রুটিন শুরু হয় সকাল ৯টায়। রাত ১২টার আগে ঘুমোতে যান না তিনি। এত দীর্ঘ সময়ের মধ্যে কতটা কাজের চাপ সামলান অমিতাভ? সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী, শারিব হাশমী এবং জয়দীপ অহলওয়াত। ওই পর্বের পর একটি সাক্ষাৎকারে শারিবই জানালেন অমিতাভের কর্মক্ষমতার কথা।

 

শারিব জানান, এক দিনে পর পর তিনটি এপিসোডের শুটিং করেন অমিতাভ। এমনকি ক্লান্তিকর দিনেও তাঁর উদ্যমে কোনও ঘাটতি চোখে পড়ে না। ৮৩ বছর বয়সে এমন কর্মশক্তি দেখে তিনি মুগ্ধ।

 

সেই সাক্ষাৎকারে শারিব বলেন, “ওঁর শক্তি সত্যিই অন্য মাত্রার। এই বয়সেও এক দিনে টানা তিনটি এপিসোড শুট করেন। সকাল ৯টায় সেটে পৌঁছোন, রাত পর্যন্ত কাজ চলে। আমাদের এপিসোডের শুটিং শেষ হয়েছিল রাত ১২টায়। অথচ এত দেরি পর্যন্ত কাজের পরেও ওঁর মধ্যে ক্লান্তির ছাপ ছিল না। বরং আমাদেরই একটু বিশ্রাম নিতে ইচ্ছে করছিল। এত বড় তারকা হওয়া যে কতটা পরিশ্রমের, সেটা কাছ থেকে দেখলাম।”

 

অমিতাভ বচ্চনের সঙ্গে একই সেটে কাজ করার অভিজ্ঞতাকে স্বপ্নের মতো বলে বর্ণনা করেছেন শারিব। তাঁর কথায়, “মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। দিনটা অসাধারণ ছিল। এই স্মৃতি সারাজীবন মনে গেঁথে থাকবে।”

আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন পনির কোফতা

Image source-Google

By Torsha