সোমবার ভোরে ঈশা ফাউন্ডেশনের মধ্যেই ঘরোয়া আয়োজনে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ে সারেন অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পরে দীর্ঘ সময় মানসিক অবসাদের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি— সে কথা নিজেই একাধিক বার স্বীকার করেছেন। জীবনের সেই কঠিন অধ্যায় পেরিয়ে এ বার নতুন পথে হাঁটা শুরু করলেন সমান্থা। তবে বিয়ের খবরে আনন্দের পাশাপাশি শুরু হল তীব্র বিতর্কও।
সমান্থার বিয়ের দিনেই সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তাঁর একসময়ের ঘনিষ্ঠ রূপটানশিল্পী সাধনা সিং। তিনি লেখেন, “ভিলেন হয়ে ভালই এখন ভিক্টিম সাজছে।”
এই একটি লাইন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ বুঝে নেন, এই কটাক্ষের নিশানায় রয়েছেন সমান্থাই।
একসময় সমান্থার খুব কাছের মানুষ ছিলেন সাধনা। বিশেষ করে নাগা চৈতন্যর সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদের পর তাঁদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়ে ওঠে। সেই সময় সমান্থার বন্ধু মহলেও ছিলেন প্রীতম জুকালক। এক সময়ে সমান্থা ও প্রীতমের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাঁদের সম্পর্ক নিয়েও নানা জল্পনা শুরু হয়। সেই ঘটনাক্রমেই ধীরে ধীরে সাধনার সঙ্গে সমান্থার সম্পর্কের অবনতি ঘটে বলে জানা যায়। একসময় সাধনা সমাজমাধ্যম থেকেও সমান্থাকে আনফলো করে দেন।
এর পরে বিয়ের দিন এমন কটাক্ষমূলক মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। শুধু তাই নয়, সাধনার দাবি— ওই পোস্টের পর থেকেই তিনি একাধিক খুনের হুমকি পাচ্ছেন। যদিও ভয় পেয়ে চুপ করে থাকার পাত্রী নন তিনি। সমাজমাধ্যমেই পাল্টা জবাব দেন সাধনা। তিনি লেখেন, “এই হচ্ছে কিছু তথাকথিত শিক্ষিত অথচ হতাশাগ্রস্ত মানুষের নমুনা, যাদের কোনও বিবেক নেই। সারাদিন আমার ওপর নজরদারি চালিয়ে খুনের হুমকি দিচ্ছে।”
একাধিক ব্যক্তির উদ্দেশে তিনি আরও বলেন, তাঁরা তাঁর পিছনে পড়ে নিজেদের সময় নষ্ট করছেন।
অন্যদিকে সমান্থা এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। বিয়ের পর নতুন জীবনের শুরুতেই এই ধরনের বিতর্ক তাঁর ব্যক্তিগত জীবনে নতুন চাপ তৈরি করছে বলেই মনে করছেন অনেকে।
নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পরে দীর্ঘ দিন একা ছিলেন সমান্থা। সেই সময় মানসিকভাবে ভেঙে পড়ার কথাও তিনি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। অবশেষে রাজ নিদিমোরুর সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেও, অতীতের সম্পর্ক ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রীর।
আরও পড়ুন: Anirban Bhattacharjee: সৃজিতের নতুন ছবিতে সৌমেন, টলিউডে তুলনা নিয়ে শুরু জোর আলোচনা