এক সময় বলিউডে অভিনেতা আমির খান এবং ফাতিমা সনা শেখের ঘনিষ্ঠতা ছিল আলোচনার শীর্ষে। শোনা যেত, অভিনেতার বাড়িতে প্রায়ই দেখা যেত ফাতিমাকে। শুটিংয়ের ফাঁকেও তাঁদের একসঙ্গে সময় কাটানোর খবর ছড়িয়ে পড়েছিল। এমনকি আমিরের পরিবারের অনুষ্ঠানেও নিয়মিত উপস্থিত থাকতেন ‘দঙ্গল’-খ্যাত এই অভিনেত্রী। কিন্তু এখন নাকি সেই ফাতিমাকেই চিনতে পারছেন না আমির! এমন দাবি উঠতেই তোলপাড় নেটপাড়া।
সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতাকে জিজ্ঞেস করা হয়— কেন বয়সে ছোট নায়িকাদের সঙ্গে অভিনেতাদের সম্পর্ককে ‘ম্যাজিক’ বলা হয়, অথচ উল্টোটা হলে তাকে বলা হয় ‘সাহসী সিদ্ধান্ত’? এই প্রশ্নের উত্তরে আমির বলেন, “আমি বয়সে ছোট কোনও অভিনেত্রীর সঙ্গে কাজ করিনি, মনে পড়ছে না।”
এই উত্তরেই তৈরি হয়েছে নতুন ধন্দ। কারণ, বাস্তবে করিনা কপূরের মতো বয়সে ছোট নায়িকার সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন আমির। তবে সবচেয়ে বড় বয়সের ব্যবধান ছিল ফাতিমা সনা শেখের সঙ্গে— প্রায় ৩০ বছর।
বলিউডের গুঞ্জন বলছে, গৌরী স্প্র্যাটের সঙ্গে বর্তমানে সম্পর্কে রয়েছেন আমির। তাই নেটিজেনদের একাংশের প্রশ্ন— নতুন প্রেমে মগ্ন হয়ে কি পুরনো সম্পর্ক ভুলে গেলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’? নাকি ইচ্ছে করেই স্মৃতিভ্রমের ভান করছেন তিনি?
যা-ই হোক না কেন, আমিরের এই মন্তব্যে ফের জোর চর্চা শুরু হয়েছে বলিউডের অন্দরে। অনেকের মতে, ফাতিমার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ভুলে গিয়েও এখন সেই অধ্যায় যেন নতুন করে ফিরে এসেছে আলোচনায়।
আরও পড়ুন: Ahana Dutta: ‘মেয়েকে কেবল লক্ষ্মী নয়, কালী হতে শেখাতে চাই’— সমাজকে বার্তা দিলেন অহনা দত্ত
Image source-Google