একমাথা সাদা চুল, চোখে সেই আগের শান— বয়স যেন ছুঁতে পারেনি তাঁকে। তিনি কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়। এক সময়ে নায়ক, আবার কখনও জনপ্রিয় খলনায়ক। ছোটপর্দা থেকে সঞ্চালনা— সর্বত্রই নিজের ছাপ রেখেছেন তিনি। তবু একসময় হঠাৎ করেই আড়ালে চলে যান। দীর্ঘ বিরতির পর ফের বড়পর্দায় ফিরছেন অভিনেতা।
পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি ‘বেলা’-য় ‘আকাশবাণী অধিকর্তা’র চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কৃষ্ণকিশোরের কথায়, “ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমার চরিত্রও বিশেষ জায়গা রাখে।”
তাহলে এত দিন কোথায় ছিলেন তিনি? নিজেই জানালেন, ছোটপর্দাতেই নিয়মিত কাজ করছিলেন। ‘ইচ্ছেপুতুল’, ‘মিঠিঝোরা’, ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-সহ একাধিক ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে। তবে শিরদাঁড়ার অস্ত্রোপচারের কারণে একসময় কাজ থেকে সাময়িক বিরতি নিতে হয়েছিল। তাঁর জায়গায় অন্য অভিনেতা এলেও কিছুদিন পর আবার তিনিই ফিরেছিলেন।
কৃষ্ণকিশোর অকপট— জীবনের উত্থান-পতন, প্রেম-বিচ্ছেদ, খ্যাতি— সবটাই খোলাখুলি মেনে নিয়েছেন। বললেন, “আমার জীবন খোলা খাতা। কোনও দিন কিছু লুকাইনি। যা করেছি খোলাখুলি করেছি। তাতে হয়তো ঢেউ উঠেছে, আবার শান্তও হয়ে গিয়েছে। কিন্তু ভেতরে আমি সবসময় শান্তই থেকেছি।”
অভিনেতার বিশ্বাস, খ্যাতির চাপ সবার পক্ষে সহনীয় নয়। তাঁর নিজের কাছেও খ্যাতি বড় কোনও আকর্ষণ নয়। “আমি আজও মঞ্চে কাজ করছি। ক্যামেরার সামনে যেমন আছি, তেমনই ক্যামেরার পিছনেও কাজ করছি। এই যাত্রাটাই আমার কাছে আনন্দের।”
আলো, ক্যামেরা আর মঞ্চের জগতে এখনও নিজের মতো করে পথ চলছেন কৃষ্ণকিশোর। অতীতের ঝড়ঝাপ্টা সত্ত্বেও তাঁর কণ্ঠে আফসোস নেই— আছে শান্ত, স্থির আত্মবিশ্বাস।
আরও পড়ুন: Kiren Rijiju: সংসদে বিশৃঙ্খলার দায় তৃণমূলের ওপর ঠেলে দিলেন রিজিজু, প্রতিবাদে অনড় তৃণমূল
Image source-Google