“ম্যায় তো ফকির আদমি হু, ঝোলা লেকে চল পড়েঙ্গে”—এই বহুবার শোনা চেনা উক্তি এবার ফিরে এল কংগ্রেসের মুখে,তবে মোদীর বিরুদ্ধে।বয়সের দোহাই দিয়ে রাজনৈতিক অবসরের ইঙ্গিত দিলেন খোদ আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat retirement statement)।আর সেই সুযোগে কেন্দ্রের শাসকদলের ওপর কটাক্ষ শানাতে বিন্দুমাত্র দেরি করল না কংগ্রেস।বৃহস্পতিবার নাগপুরে সংঘের এক অনুষ্ঠানে মোহন ভাগবতের মন্তব্য,-“যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে,তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে।অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।”এই বক্তব্য ঘিরেই জল্পনার আগুনে নতুন করে ঘি পড়ল।কারণ,চলতি বছরের ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আর বিজেপিতে বরাবরই ৭৫ বছর বয়সের পর ‘অঘোষিত’ অবসরের সংস্কৃতি চলে আসছে।অতীতে লালকৃষ্ণ আডবাণী,যশবন্ত সিং,মুরলী মনোহর জোশির মতো বর্ষীয়ান নেতাদের সেই সময় পাঠানো হয়েছিল ‘মার্গদর্শক মণ্ডলীতে’।যদিও বিজেপির তরফে বহু আগেই জানানো হয়েছিল,প্রধানমন্ত্রী মোদি তাঁর মেয়াদ পূর্ণ করবেন।অবসর নিয়ে কোনও পরিকল্পনা নেই।তবু আরএসএস প্রধানের মুখে এমন মন্তব্যের সময় এবং বার্তা—রাজনৈতিক মহলে একে মোদীকে ঘিরে স্পষ্ট বার্তাই মনে করা হচ্ছে।
এই বক্তব্যকেই হাতিয়ার করে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন,-“বেচারা প্রধানমন্ত্রী!বিদেশ থেকে গুচ্ছ পুরস্কার আনছেন,আর দেশে ফিরেই এমন ‘উপহার’!আরএসএস প্রধান তাঁকে মনে করিয়ে দিলেন—১৭ সেপ্টেম্বর আপনার ৭৫ বছর হয়ে যাচ্ছে।”পাশাপাশি আরএসএস প্রধানকেও নিশানায় নেন কংগ্রেস নেতারা।পবন খেরা সরাসরি বলেন,-“এবার আপনাদের দুজনেরই ঝোলা গুটিয়ে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে।সংঘ প্রধান এক তিরেই দুই লক্ষ্যবস্তুতে আঘাত করেছেন।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,আরএসএস প্রধানের (Mohan Bhagwat retirement statement) এই বার্তা নিছকই সাধারণ মন্তব্য নয়।একদিকে নিজের বিদায় ঘোষণা,অন্যদিকে ভবিষ্যতের নেতৃত্ব বদলের সূচনাও—দুটিই বোধহয় স্পষ্ট করে দিচ্ছেন তিনি।আর সেই বার্তার লক্ষ্যবস্তু হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে আড়াল না করেই ইঙ্গিতপূর্ণ আক্রমণ ছুড়ে দিলেন সংঘ প্রধান।