একের পর এক রেকর্ড ভেঙ্গে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। গত ১৪ দিনে ১২ বার বাড়লো পেট্রোল-ডিজেলের দাম(Petrol-Diesel)। গতকাল অর্থাৎ রবিবারের পর আবারও সোমবার বাড়ল জ্বালানির মূল্য। দেখে নিন সপ্তাহের প্রথম দিনে কত দাম ধার্য হলো পেট্রোল-ডিজেলের(Petrol-Diesel)।
কলকাতায় লিটারপ্রতি ৪২ পয়সা বেড়ে পেট্রোলের নতুন দাম ধার্য হয়েছে ১১৩ টাকা ৪৫ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৪০ পয়সা করে বেড়ে নতুন দাম ধার্য হয়েছে ৯৮ টাকা ২২ পয়সা। জ্বালানির এহেন মূল্যবৃদ্ধির ফলে আমজনতার নাভিশ্বাস ওঠার জোগাড়। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে গাড়ি ভাড়াও বেড়ে যাচ্ছে বহুগুণ।
শুধু গাড়ি ভাড়াই নয়, পেট্রোল-ডিজেলের(Petrol-Diesel) মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও বাজার দরেও। অপরিহার্য এবং নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের মূল্যবৃদ্ধি হয়েছে। নিয়ন্ত্রণবিহীন মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করে ময়দানে নেমেছেন বিরোধীরা। এই বিষয়ে সম্প্রতি দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বক্তব্য বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জন্যই পেট্রোল-ডিজেলের দাম এরকমভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পেট্রোল ডিজেলের দর বৃদ্ধির জন্য রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কে দায়ী করছেন অনেকে।