বৃষ্টির কারণে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের চারটি কোয়ার্টার ফাইনালই শেষ পর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি। ফলে ক্রমতালিকায় এগিয়ে থাকার সুবাদে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ চারের লড়াইয়ে ভারতের সামনে শ্রীলঙ্কা। বৃহস্পতিবারের ম্যাচের আগে তাই দুই দলের নজরই নাগোয়ার আবহাওয়ার দিকে।

নাগোয়ায় গত কয়েক দিন ধরেই চলছে বৃষ্টি। তার মধ্যেই এশিয়ান গেমসের বিভিন্ন খেলা চালিয়ে যেতে হচ্ছে আয়োজকদের। তবে ক্রিকেটে বৃষ্টির সমস্যা আরও বেশি। ফলে সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যেই ম্যাচ নিয়ে তৈরি হয়েছিল উদ্বেগ। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। এর মধ্যেই আবহাওয়া নিয়ে কিছুটা স্বস্তির খবর মিলেছে জাপানের আবহবিদদের কাছ থেকে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ভারত ও শ্রীলঙ্কার ম্যাচের সময়ে নাগোয়ায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আকাশ মূলত পরিষ্কার থাকার কথা। তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। যদিও একেবারে বৃষ্টির সম্ভাবনা নেই, এমন নিশ্চয়তা দিতে পারেননি আবহবিদেরা। তাঁদের হিসাব অনুযায়ী, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা মাত্র দু’-এক শতাংশ।

তবে শেষ পর্যন্ত যদি বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়, সে ক্ষেত্রেও এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী ক্রমতালিকার সুবিধা পাবে ভারত। কোয়ার্টার ফাইনালের মতো সেমিফাইনালেও ম্যাচ না হলে অপেক্ষাকৃত এগিয়ে থাকা দলই ফাইনালে উঠবে।

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম সেমিফাইনাল হওয়ার কথা। সেই ম্যাচের সময়ও বৃষ্টির আশঙ্কা নেই বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে আবহাওয়া বাধা না দিলে দু’টি সেমিফাইনালই নির্ধারিত সময় অনুযায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: অনুমতি ছাড়াই নাম-ছবি-ভিডিয়ো ব্যবহার, এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭০০০ কোটি টাকার আইনি দাবি

Image source-Google 

By Torsha