কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি তৈরি থেকে শুরু করে ভিডিয়োয় বদল—প্রযুক্তির দৌড়ে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন সম্ভাবনা। তবে এই প্রযুক্তিই এ বার আইনি জটিলতায় ফেলেছে অভিনেত্রী উর্বশী রৌতেলাকে। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর নাম, ছবি এবং ভিডিয়ো ব্যবহার করে ব্যবসায়িক ভাবে লাভবান হয়েছে লস অ্যাঞ্জেলেসের একটি এআই সংস্থা। যদিও সংশ্লিষ্ট সংস্থার নাম প্রকাশ্যে আনা হয়নি অভিনেত্রীর তরফে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর উর্বশী এবং তাঁর টিমের পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, ওই সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধু আইনি ব্যবস্থা নয়, সংস্থাটির কাছ থেকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণও দাবি করা হয়েছে। প্রাথমিক ভাবে প্রায় ৭০০০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উর্বশীর টিমের দাবি, অভিনেত্রীর সম্মতি ছাড়াই তাঁর নাম, ছবি এবং ভিডিয়ো ব্যবহার করা হয়েছে। তাঁদের অভিযোগ, এই কনটেন্ট ব্যবহার করে সংস্থাটি বিপুল ব্যবসায়িক মূল্য তৈরি করেছে, যার পরিমাণ কয়েকশো কোটি ডলার পর্যন্ত হতে পারে।

এই ঘটনাকে কেন্দ্র করে এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তারকাদের ব্যক্তিগত অধিকার নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। কোনও অভিনেতার মুখ, নাম বা পুরনো ভিডিয়ো ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন কনটেন্ট তৈরি হলে সেই কনটেন্টের অধিকার কার—প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে এই প্রশ্নের আইনি সমাধানও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

কাজের দিক থেকে উর্বশীকে সম্প্রতি ‘ইনস্পেক্টর অবিনাশ’-এর দ্বিতীয় সিজ়নে দেখা গিয়েছে। এর আগে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন: এশিয়াডে দ্বিতীয় সোনা ভারতের, শেষ মুহূর্তের দলবদলেই বাজিমাত

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *