মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। তাই বাড়িতে বানিয়ে নিন লাউয়ের হালুয়া । বাড়িতে কিভাবে বানাবেন নিশ্চয়ই ভাবছেন সেটা নিয়ে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)। এমন রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন।
উপকরণ
৩০০ গ্রাম লাউ
৪ টেবিলচামচ ঘি
২ কাপ দুধ
৮ টেবিলচামচ চিনি
৩ টেবিলচামচ কুচোনো বাদাম (আমন্ড, পেস্তা, কাজু)
১ চা-চামচ এলাচগুঁড়ো
৩ চা-চামচ গোলাপজল
১ টেবিলচামচ সোনালি কিশমিশ
প্রণালী
প্রথমে লাউ ধুয়ে, খোসা ছাড়িয়ে কুচিয়ে নিন। কুচোনোর আগে লাউয়ের স্বাদ পরখ করে নিন। যদি টক বা তেতো লাগে, তবে তা ফেলে দিন এবং রান্না করবেন না। টাটকা লাউ ছাড়া হালুয়ায় স্বাদ আসবে না।
একটি ভারী কড়াই বা প্যানে মাঝারি থেকে কম আঁচে ঘি গরম করুন। বড় কড়াই ব্যবহার করতে হবে, যাতে হালুয়া বানানোর সময় দুধ বাইরে উপচে না পড়ে।
এ বার তাতে কুচোনো লাউ ঢেলে দিন। ঘিয়ের সঙ্গে ভাল ভাবে যেন মাখামাখি হয়ে যায়। তার জন্য ভাল করে নাড়াচাড়া করতে হবে লাউগুলি। ঘিয়ে রোস্ট হওয়ার সুবাস ছড়িয়ে পড়বে হেঁশেলে। কড়াইয়ে লাউয়ের জল যতক্ষণ শুকিয়ে না যায়, ততক্ষণ ভাজতে হবে।
ভাজা হয়ে গেলে কড়াইয়ে দুধ মিশিয়ে দিন। ঘিয়ে রোস্ট হওয়া লাউয়ের সঙ্গে ভাল ভাবে মিশিয়ে দিতে হবে দুধ। দুধ ফুটে ওঠা মাঝারি আঁচে রেখে রাঁধতে হবে। এই পর্যায়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে দুধ উপচে না ওঠে। তাই গ্যাস স্টোভের সামনে থেকে সরে গেলে চলবে না।
ঘন ঘন নাড়াচাড়া করতে থাকুন এই সময়ে। লাউ যতক্ষণ না পর্যন্ত অধিকাংশ দুধ শুষে ফেলছে, ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। এই পর্বেই চিনি দিয়ে দিতে হবে। পুরোটাই মাখা মাখা হতে হবে, নয়তো হালুয়া খাওয়ার মজা কোথায়!
এ বার এতে কুচোনো বাদাম আর এলাচগুঁড়ো মিশিয়ে দিন। চাইলে গোলাপজলও মেশানো যেতে পারে।
লাউয়ের মিশ্রণ আরও ঘন হয়ে এলে, অথবা পাশ থেকে ঘি ছাড়তে শুরু করলে গ্যাস নিভিয়ে দিন।
পরিবেশনের সময়ে উপরে ছড়িয়ে দিন সোনালি কিশমিশগুলি।
আরো পড়ুন: Yash: ‘আমার সঙ্গে সংসার করা সহজ নয়’, ‘টক্সিক’-এর কঠিন সফরে স্ত্রী রাধিকার পাশে থাকার কথা জানালেন যশ
Image source-Google