বিয়ে এখনও হয়নি। তবে আশীর্বাদ পর্ব সম্পন্ন হওয়ার পর থেকেই তিনি এখন কার্যত মুখোপাধ্যায় পরিবারের জামাই। তাই প্রথম জামাইষষ্ঠীতেই অভিনেতা সৌরভ চক্রবর্তীর জন্য ছিল বিশেষ আয়োজন। হবু শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা ভালবাসা দিয়ে সাজিয়ে তুলেছিলেন দিনটি। যদিও শুটিংয়ের ব্যস্ততার কারণে পুরো দিন পরিবারকে সময় দিতে পারেননি সৌরভ ও তাঁর হবু স্ত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়।
জামাইষষ্ঠীর সকালে শ্বশুরবাড়িতে পৌঁছে সৌরভ যেন চমকে গিয়েছিলেন খাবারের আয়োজন দেখে। ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, পাঁঠার মাংস-সহ একাধিক পদ সাজানো ছিল তাঁর জন্য। অভিনেতা জানান, এত আয়োজন হলেও শুটিংয়ের তাড়ায় সব খাবারের স্বাদ নেওয়া সম্ভব হয়নি। অল্প কিছু খেয়ে তাঁকে কাজে বেরিয়ে যেতে হয়েছে।
হাসতে হাসতেই সৌরভ বলেন, “এটা আমার প্রি-জামাইষষ্ঠী বলা যেতে পারে। এখনও তো বিয়েটা হয়নি। কিন্তু তাতেই যে পরিমাণ আয়োজন হয়েছে, তাতে আমি সত্যিই অভিভূত। কাকিমা আর দিদা অনেক যত্ন করে রান্না করেছিলেন। সময় কম থাকায় সব খেতে পারিনি, তবে ভালবাসাটা ঠিকই পেয়েছি।”
শুধু খাওয়াদাওয়া নয়, উপহার বিনিময়েও ছিল আন্তরিকতার ছোঁয়া। হবু শাশুড়ির জন্য নিজের পছন্দে একটি চুড়িদার কিনেছিলেন সৌরভ। অন্য দিকে, আদরের জামাইয়ের জন্য পছন্দ করে একটি শার্ট উপহার দিয়েছেন শুভস্মিতার মা। এই ছোট ছোট উপহারেই ধরা পড়েছে দুই পরিবারের উষ্ণ সম্পর্ক।
কয়েক মাস আগেও নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা প্রকাশ্যে মুখ খোলেননি সৌরভ ও শুভস্মিতা। তবে আশীর্বাদের পর আর লুকোচুরি রাখেননি তাঁরা। শুভস্মিতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভালবাসার সম্পর্ক লুকিয়ে রাখার কোনও অর্থ নেই। তাঁর কথায়, “যখন কাউকে সত্যিই ভালবাসা যায়, তখন সেই সম্পর্ক উদ্যাপন করাই উচিত। তাই আর আড়াল করে রাখতে চাইনি।”
আশীর্বাদের দিনও পরিবারের আবেগ ছিল চোখে পড়ার মতো। ননদের দেওয়া শাড়িতে সেজেছিলেন শুভস্মিতা। অন্য দিকে, নতুন জামাইয়ের পোশাক নির্বাচনের দায়িত্ব নিয়েছিলেন হবু শাশুড়ি।
তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি, তা এখনও চূড়ান্ত হয়নি। দু’জনেই বর্তমানে ধারাবাহিকের কাজে ব্যস্ত। তাই শুটিংয়ের চাপ কমার পরেই বিয়ের দিনক্ষণ নিয়ে ভাববেন বলে জানিয়েছেন তাঁরা। আপাতত আশীর্বাদের পর প্রথম জামাইষষ্ঠীর স্মৃতি নিয়েই খুশি সৌরভ ও শুভস্মিতা। পরিবারের ভালবাসা আর আদরে বিশেষ এই দিনটি যে তাঁদের কাছে দীর্ঘদিন মনে রাখার মতো হয়ে থাকবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: Modi-Meloni: মোদীকে দেখে মেলোনির রসিকতা, ‘ইনস্টাগ্রামে এখন আমরাই সবচেয়ে জনপ্রিয়’
Image source-Google