সদ্য শেষ হয়েছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের শুটিং। একটি জনপ্রিয় সিরিয়াল শেষ হলেই স্বাভাবিক ভাবেই শুরু হয় পরের কাজ নিয়ে জল্পনা। এই ধারাবাহিকের অভিনেতারাও কি নতুন প্রজেক্টের খোঁজে নেমে পড়েছেন? তা জানতে যোগাযোগ করা হয় নায়ক রুবেল দাস-এর সঙ্গে।
রুবেল জানালেন, আপাতত তিনি কোনও নতুন কাজে সই করছেন না। কিছু দিন বিরতি নিয়ে নিজের ব্যক্তিগত জীবনে মন দিতে চান অভিনেতা। তাঁর কথায়, পরপর দু’টি ধারাবাহিকের কাজে ব্যস্ত থাকায় বিয়ের পর স্ত্রীকে প্রায় সময়ই দিতে পারেননি। তাই এখন সেই অভাব পূরণ করাই তাঁর লক্ষ্য। স্ত্রী শ্বেতা ভট্টাচার্য-র সঙ্গে সময় কাটিয়ে সংসারে মন দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
উল্লেখ্য, ‘নিমফুলের মধু’ এবং ‘তুই আমার হিরো’—দুটি ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুবেল। একটির কাজ শেষ হতেই আর একটির শুটিং শুরু হয়েছে। ফলে একটি চরিত্র থেকে বেরিয়ে অন্য চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রায় কোনও বিরতিই পাননি তিনি। অভিনেতার মতে, সৃজন ও শাক্য—দুটি চরিত্র সম্পূর্ণ ভিন্ন স্বভাব ও প্রেক্ষাপটের। শুরুতে তাঁর নিজের মধ্যেই সংশয় ছিল, দর্শক গ্রহণ করবেন তো? তবে শেষ পর্যন্ত দর্শকের ভালবাসাই তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে।
তবে এই টানা কাজের চাপ শারীরিক ও মানসিক ভাবে প্রভাব ফেলেছে বলেও স্বীকার করেছেন রুবেল। তাই এবার একটু থেমে নিজেকে গুছিয়ে নিতে চান তিনি। অবসরে কী করবেন? হাসতে হাসতেই অভিনেতার উত্তর—শরীরচর্চা ও নাচ তাঁর দীর্ঘ দিনের প্যাশন। সেই সবেই সময় দেবেন। পাশাপাশি পরিবারের সঙ্গে নিরিবিলি সময় কাটানোই এখন তাঁর কাছে অগ্রাধিকার।
অর্থাৎ, নতুন ধারাবাহিকের ঘোষণা আপাতত নয়। কিছু দিনের বিরতির পরই হয়তো আবার ছোট পর্দায় ফিরবেন রুবেল দাস। তবে এই মুহূর্তে আলো-ঝলমলে সেটের বদলে সংসার ও নিজের পছন্দের কাজেই মন দিচ্ছেন তিনি।
আরও পড়ুন: Arijit Singh: জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে টলিপাড়ার দুই তারকা, নতুন কাজের ইঙ্গিত?
Image source-Google