তবে কি চুপিচুপি বিয়ের পিঁড়িতে বসে পড়লেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা? শুক্রবার সমাজমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবি ঘিরে তেমনই জল্পনা তুঙ্গে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, সাবেকি বর-কনের সাজে দাঁড়িয়ে রয়েছেন বিজয় ও রশ্মিকা। গলায় মালা, পাশে দক্ষিণী তারকা মহেশবাবু ও তাঁর স্ত্রী নম্রতা শিরোডকর—সব মিলিয়ে ছবিগুলি দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগে, তবে কি সত্যিই গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারকাজুটি?
এর আগেও তাঁদের সম্পর্ক ও বাগ্দান নিয়ে নানা খবর ছড়িয়েছে। মাসখানেক আগে সমাজমাধ্যমে গুঞ্জন ওঠে, রশ্মিকা ও বিজয়ের বাগ্দান নাকি সেরেই ফেলেছেন। যদিও সে সময়েও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি কেউই। এ বার ভাইরাল ছবিগুলি দেখে সেই জল্পনাই আরও উসকে উঠেছে।
তবে পরে জানা যায়, এই ছবিগুলির কোনও বাস্তব সত্যতা নেই। প্রযুক্তির সাহায্যে তৈরি করা এই ছবি অনুরাগীরাই সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। অর্থাৎ, আপাতত গোপন বিয়ের খবর শুধুই গুঞ্জন।
উল্লেখ্য, গত অক্টোবরে হায়দরাবাদে বিজয়ের বাড়িতে তাঁদের বাগ্দান হয়েছে বলে শোনা গিয়েছিল। তার পর থেকেই রশ্মিকার অনামিকায় আংটি নজরে পড়ে অনুরাগীদের। এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রশ্মিকা বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, “এই গুঞ্জন নিয়ে হ্যাঁ বা না কিছুই বলতে চাই না। যখন সঠিক সময় আসবে, তখন নিজেরাই সব জানাব।”
দীর্ঘ দিন ধরেই বিনোদন মহলে বিজয় ও রশ্মিকার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। যদিও বিজয় বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে চলতি বছরের শুরুতে তিনি স্বীকার করেছিলেন, তিনি একটি সম্পর্কে রয়েছেন। কিছু দিন আগেই প্রকাশ্যে রশ্মিকার হাতে চুম্বন করতেও দেখা যায় তাঁকে।
সব মিলিয়ে অনুরাগীদের অনুমান, খুব বেশি দেরি নেই। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই চার হাত এক হতে পারে এই তারকাজুটির। আপাতত যদিও গোপন বিয়ের ছবির রহস্য ভেঙে গেল—বাস্তব নয়, শুধুই কল্পনা।
Image source-Google