প্রকাশ্যে আবেগঘন হয়ে পড়লেন সলমন খান। সাধারণত ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে কঠোর ভাষায় প্রতিযোগীদের ভুল ধরিয়ে দেন তিনি। কিন্তু এ বার পরিস্থিতি বদলে গেল। বর্ষীয়ান অভিনেত্রী ও ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী কুনিকা সদানন্দের জীবনসংগ্রামের কথা শুনে চোখের জল আটকাতে পারলেন না ভাইজান।
কয়েক দিন ধরে শোয়ের অন্য প্রতিযোগীদের আক্রমণের মুখে পড়েছিলেন কুনিকা। এমনকি তাঁকে ‘ব্যর্থ অভিনেত্রী’ বলেও কটাক্ষ করেছিলেন প্রতিযোগী ফরহানা ভট্ট। এই দিন সেই ঘটনার জবাব দেন সলমন। পাশাপাশি মঞ্চে উপস্থিত হন কুনিকার পুত্র অয়ন লাল। মায়ের প্রতি গর্ব প্রকাশ করে তিনি বলেন, “তুমি সারা জীবন অন্যদের জন্য বেঁচেছ— বাবার জন্য, স্বামী ও সন্তানের জন্য। এবার নিজের মতো বাঁচার সময় এসেছে, মা। তুমি শক্ত থাকো।”
অয়ন মায়ের জীবনের কঠিন অধ্যায়গুলির কথাও প্রকাশ্যে আনেন। কুনিকার প্রথম বিয়ে হয়েছিল মাত্র ১৭ বছর বয়সে। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় এবং শুরু হয় সন্তানের হেফাজত নিয়ে দীর্ঘ আইনি লড়াই। এমনকি তাঁর সন্তানকে এক সময়ে অপহরণও করা হয়েছিল। ১২ বছর বয়সে ছেলেকে ফিরে পান কুনিকা। পরে দ্বিতীয় বিয়ের মাধ্যমে জীবনে আসে নতুন অধ্যায়। অভিনয়ে আসার মূল কারণও ছিল সংসার চালানো। জীবনের নানা সংগ্রামে বারবার লড়াই করেছেন তিনি।
অভিনেত্রীর এই বাস্তব জীবনের কাহিনি শোনার পর আবেগে ভেসে যান সলমন। মঞ্চে দাঁড়িয়ে চোখে জল চলে আসে তাঁর। ফরহানা ভট্টকে সরাসরি সতর্ক করেন তিনি এবং অয়নকেও অনুরোধ করেন মায়ের প্রতি সম্মানহানিকর মন্তব্যের জবাব দিতে।
শোয়ের দর্শকদের কাছে এই মুহূর্ত ছিল অত্যন্ত আবেগঘন। কুনিকা নিজের সংগ্রামের কাহিনি শেয়ার করে জানিয়েছেন, অভিনয় তাঁর কাছে শুধু শিল্প নয়, ছিল বেঁচে থাকার লড়াইয়ের পথ। জীবনের নানা বাধা পেরিয়ে আজও তিনি নিজের জায়গা ধরে রেখেছেন, যা অনুপ্রেরণা জোগাচ্ছে হাজারো দর্শককে।
এই ঘটনাই প্রমাণ করল, ‘বিগ বস’-এর মঞ্চ শুধু বিনোদনের নয়, বাস্তব জীবনের লড়াই ও আবেগেরও প্রতিচ্ছবি। সলমনের চোখের জল দর্শকদের মনে নাড়া দিয়েছে, আর কুনিকা হয়ে উঠেছেন সাহসী নারীর প্রতীক।
আরও পড়ুন Solanki Roy: শোলাঙ্কি-গৌরবের কামব্যাক, পুজোর পর নতুন ধারাবাহিকে চমক
Image source-Google