টেলিভিশনের জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায় ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন। প্রযোজক স্নিগ্ধা বসুর নতুন ধারাবাহিকে তাঁকে নায়িকার ভূমিকায় দেখা যাবে। খবর অনুযায়ী, এবারও তাঁর বিপরীতে থাকছেন গৌরব চট্টোপাধ্যায়, অর্থাৎ দর্শকের প্রিয় জুটি ফের ফিরছে পর্দায়।
শোলাঙ্কিকে শেষ দেখা গিয়েছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে, যা প্রযোজনা করেছিলেন স্নিগ্ধা। সেই সময় থেকেই শোলাঙ্কি-গৌরবের রসায়ন দর্শকের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। এবারও তাঁদের একসঙ্গে ফেরানোর জন্য চ্যানেলের তরফে অনেকদিন ধরে অনুরোধ ছিল বলে জানিয়েছেন প্রযোজক। নতুন ধারাবাহিকটি দুই বোনের গল্প ঘিরে আবর্তিত হবে এবং এটি সম্প্রচারিত হবে স্টার জলসায়।
পুজোর আগে যেখানে অনেক প্রযোজনা সংস্থা নতুন সিরিজ আনতে ব্যস্ত, সেখানে স্নিগ্ধা সময় নিচ্ছেন সচেতনভাবেই। একই সময়ে জি বাংলায় শুরু হচ্ছে ‘জোয়ার ভাটা’ নামের আরেকটি দুই বোনের গল্পভিত্তিক ধারাবাহিক। দর্শকের কাছে যেন গল্পের মিল না খুঁজে আসে, তাই পুজোর পর এই নতুন ধারাবাহিক আনছেন প্রযোজক। যদিও স্নিগ্ধার দাবি, তিনি চান পুজো কাটিয়ে খুশিমনে কাজ শুরু হোক, তাই এই পরিকল্পনা।
এছাড়াও, শোনা যাচ্ছে তিনি জি বাংলার জন্যও নতুন একটি ধারাবাহিকের প্রস্তুতি নিচ্ছেন। তবে সে বিষয়ে এখনই মুখ খুলতে চাননি তিনি।
শোলাঙ্কি-গৌরবের রসায়ন ইতিমধ্যেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই এই কামব্যাক নিঃসন্দেহে টেলিপ্রেমীদের কাছে বড়সড় চমক হতে চলেছে। নতুন ধারাবাহিকের গল্প এবং তাঁদের অভিনয়ের রসায়ন নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন Anirban Bhattacharjee: অনির্বাণ ভট্টাচার্য ও ব্যান্ডের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ
Image source-Google