টলিউডে এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু ইধিকা পাল (Idhika Paul)। একের পর এক ছবিতে বাজিমাত করছেন তিনি। বাংলাদেশের ‘প্রিয়তমা’ থেকে শুরু করে এপার বাংলার ‘খাদান’-এর ‘কিশোরী’—সব চরিত্রেই দর্শকের মন জয় করেছেন। তাই তাঁকে ঘিরে কানাঘুষো, ইধিকাই নাকি টলিউডের নতুন ‘লাকি চার্ম’।

সম্প্রতি দেবের প্রশংসায় আরও উজ্জ্বল হলেন তিনি। ‘ধূমকেতু’ ঝড়ের মাঝেই সোশ্যাল মিডিয়ায় দেব লিখে দিলেন— ইধিকাই ‘বাংলার ক্রাশ’। বহুরূপ ছবির ট্রেলার শেয়ার করে তিনি সোহম চক্রবর্তীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইধিকাকে ট্যাগ করে এই বিশেষ সম্বোধন দেন।

ইধিকার (Idhika Paul) কেরিয়ার শুরু ছোটপর্দা থেকে হলেও বড়পর্দায় নিজের জায়গা পাকা করেছেন খুব অল্প সময়েই। বর্তমানে তিনি একাধিক ছবির নায়িকা— দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’, ‘প্রজাপতি ২’, আবার সোহমের বিপরীতে ‘বহুরূপ’। সদ্য মুক্তিপ্রাপ্ত বহুরূপের ট্রেলারে সোহমের সঙ্গে সমানভাবে সাড়া ফেলেছেন ইধিকাও। দেবের প্রশংসা শুনে অভিনেত্রীও ধন্যবাদ জানিয়েছেন তাঁকে।

টলিউডে দেব-ইধিকার রসায়ন নিয়ে ভক্তদের উচ্ছ্বাসও কম নয়। ‘খাদান’-এর পর থেকেই তাঁদের জুটিকে নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও শোনা গিয়েছিল, ইধিকা নাকি ‘প্রজাপতি ২’ থেকে বাদ পড়েছেন। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ছবির গুরুত্বপূর্ণ চরিত্র এখন তাঁর ঝুলিতেই।

অন্যদিকে, বহুরূপে দর্শকরা দেখবেন সোহমকে একেবারে নতুন রূপে—এক অভিনেতার জীবনযাত্রা নিয়ে সাতটি ভিন্ন লুকে। সেই যাত্রায় তাঁর সঙ্গী হবেন ইধিকা। দেব ট্রেলার দেখে লিখেছেন—“দারুণ লাগল।” এই প্রশংসা যে ইধিকার জন্য আরও বড় স্বীকৃতি, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: Hatiara Swami Vivekananda Club Khuti Puja:হাতিয়ারা স্বামী বিবেকানন্দ ক্লাবে খুঁটি পূজা উদযাপন,শুরু হলো দুর্গোৎসবের উল্লাসময় কাউন্টডাউন!

Image source-Google

By Torsha