রান্নার স্বাদ ও ঘ্রাণের মূল রহস্য লুকিয়ে থাকে মশলার ফোড়নে। কড়াইয়ে গরম তেলে যখন মশলা ফোটে, তখনই ছড়িয়ে পড়ে বিশেষ এক গন্ধ, যা খাবারের স্বাদকে বাড়িয়ে তোলে। কিন্তু অনেক সময় এই মশলাই রান্নায় তেতো স্বাদ এনে দেয়। কেন এমন হয় এবং কীভাবে এড়ানো যায়, জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস।

মশলা পুড়ে যাওয়ার কারণ

জিরে, সর্ষে, মেথি, ধনে দানার মতো মশলার ভিতরে প্রাকৃতিক তেল থাকে। গরম তেলে দিলে সেই তেলের ঘ্রাণ বেরোতে থাকে। কিন্তু বেশি সময় ভাজলে তেল পুড়ে গিয়ে স্বাদ নষ্ট হয়, আর পোড়া গন্ধ খাবারে ছড়িয়ে পড়ে। তাই গন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গেই রান্নার পরের ধাপ শুরু করা জরুরি।

অতিরিক্ত ভাজার ভুল

ধনে, মৌরি, রসুনের মতো মশলা ভাজার শুরুতে মিষ্টি ঘ্রাণ ছড়ায়। কিন্তু বেশি ভাজলে সেগুলো দ্রুত পুড়ে তেতো হয়ে যায়। তাই এই ধরনের মশলা ভাজার সময় বিশেষ সতর্ক হতে হবে।

গুঁড়ো মশলার ব্যবহার

হলুদ, লঙ্কা, জিরে বা গরম মশলার মতো গুঁড়ো মশলা গরম তেলে দিলে সহজেই পুড়ে যায়। তাই এগুলি সব সময় ঝোল বা জল-জাতীয় উপকরণের সঙ্গে রান্না করাই সবচেয়ে ভালো।

একসঙ্গে বেশি মশলা না দেওয়া

একসঙ্গে অনেক মশলা দিলে কিছুটা ঠিক মতো ভাজা হয় না, কিছু আবার পুড়ে যায়। এতে খাবারের ভারসাম্য নষ্ট হয় এবং তেতো স্বাদ চলে আসে। তাই ধীরে ধীরে মশলা যোগ করা ভালো।

 

যেসব মশলা তেতো হওয়ার ঝুঁকি বেশি

* **মেথি:** গরম তেলে ভাজার সময় দ্রুত তেতো হয়ে যায়।

* **সর্ষে:** শুধু ফেটে গেলেই যথেষ্ট, বেশি ভাজা উচিত নয়।

* **জিরে:** সোনালি হলেই বুঝবেন ভাজা হয়ে গিয়েছে, বাদামি হলেই পোড়া স্বাদ আসবে।

* **আদা-রসুন:** হালকা সোনালি হলেই সুগন্ধ, তার বেশি ভাজা মানেই পোড়া স্বাদ।

* **গুঁড়ো মশলা:** সব সময় ঝোল বা জলের সঙ্গে দিন।

* **দারচিনি, এলাচ, লবঙ্গ:** তুলনামূলক ভাবে বেশি সময় তাপ সহ্য করতে পারে।

তেতো স্বাদ এড়ানোর টিপস

* গোটা মশলা আগে দিন, গুঁড়ো মশলা পরে।

* মশলার ঘ্রাণ বেরোলেই রান্নার পরের ধাপ শুরু করুন।

* অল্প অল্প করে মশলা দিন, একসঙ্গে বেশি নয়।

* পুরনো নয়, সব সময় তাজা মশলা ব্যবহার করুন।

রান্নায় মশলার ফোড়ন একদিকে যেমন স্বাদের চাবিকাঠি, তেমনি অসাবধান হলে সেটাই খাবারে তেতো স্বাদ আনে। তাই মশলার সঠিক ব্যবহার জানলেই প্রতিটি পদ হবে সুস্বাদু এবং মন ভোলানো।

আরও পড়ুন: Sweta Bhattacharya: হাতকাটা ব্লাউজ় বিতর্কে শ্বেতা ভট্টাচার্যের স্পষ্ট জবাব

Image source-Google

By Torsha