পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের শীতলতায় থমকে গিয়েছে সাংস্কৃতিক আদানপ্রদান। এই মুহূর্তে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ভারতে কাজ করার বা যাতায়াতের সুযোগ নেই। এমনকী ভারতে বসে সমাজমাধ্যমে তাঁদের কার্যকলাপ দেখা পর্যন্ত যায় না। অথচ এক সময় এমন ছিল না পরিস্থিতি। দু’দেশের শিল্পীদের মধ্যে সৌজন্য সম্পর্ক ছিল, বিনিময় হত কাজের। পাকিস্তানে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, করিনা কপূরদের মতো বলিউড তারকাদের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। হিন্দি সিনেমার প্রতি ভালোবাসাও চোখে পড়ার মতো।

 

সেই সময়েই এক সাক্ষাৎকারে করিনা কপূর খান (Kareena Kapoor Khan) মন্তব্য করেছিলেন, “আমি কেরিয়ারের শুরুতেই পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। তাই হয়তো আমাকে পাকিস্তানি বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়!” করিনার এই মন্তব্য ঘিরেও এক সময় আলোচনা হয়েছিল।

 

কেরিয়ারের শুরুতে ‘রিফিউজ়ি’ ছবিতে এক পাকিস্তানি মেয়ের ভূমিকায় অভিনয় করেন করিনা। পরে ‘কুরবান’ ছবিতেও তাঁকে প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে দেখা গিয়েছিল। শুধু অভিনয়েই নয়, বাস্তব জীবনেও পাকিস্তানের সঙ্গে তাঁর কিছু পারিবারিক সংযোগ রয়েছে। ২০১২ সালে এক অনুষ্ঠানে করিনা জানিয়েছিলেন, তাঁর স্বামী সইফ আলি খানের বেশ কিছু আত্মীয় এখনও পাকিস্তানে থাকেন। তাঁরা প্রায়ই করিনাকে ফোন করে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানান। সে সময় করিনা জানিয়েছিলেন, সুযোগ পেলে নিশ্চয়ই যাবেন। পাকিস্তানের মেয়েদের শিক্ষার গুরুত্ব বোঝাতেই তিনি যেতে চান বলেও মন্তব্য করেছিলেন।

 

সম্প্রতি দুবাই সফরে গিয়ে পাকিস্তানি পোশাকশিল্পী ফরাজ় মানানের সঙ্গে দেখা করেন করিনা (Kareena Kapoor Khan)। ফরাজ়ের পোশাক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে অতীতেও কাজ করেছেন অভিনেত্রী। দুবাইয়ে তাঁর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফরাজ়ের সঙ্গে তোলা কিছু ছবি সমাজমাধ্যমে শেয়ার করায় বিতর্ক শুরু হয়। কারণ, তখনও পহেলগাঁও হামলার রেশ টাটকা। সমাজমাধ্যমে প্রশ্ন ওঠে—এই সময় কি করিনার এমন সম্পর্ক রাখা উচিত? যদিও সময়ের সঙ্গে বিতর্ক স্তিমিত হয়েছে, পরিস্থিতিও অনেকটাই শান্ত।

 

কিন্তু ভারত-পাকিস্তান সাংস্কৃতিক সম্পর্ক যে আদৌ স্বাভাবিক ছন্দে ফিরবে কি না, তা এখনও সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: Hiya Chatterjee: দাদুর স্মৃতিতে ভেসে হিয়া, শুভেন্দুর মৃত্যুদিনে নস্টালজিয়া

Image source-Google

By Torsha