টেকনোলজিতে এগোচ্ছে বাংলা! এবার নিউটাউনে (New Town) গড়ে উঠছে বিশ্বমানের আইটি ক্যাম্পাস—প্রতিষ্ঠান আইটিসি লিমিটেড ইতিমধ্যেই পেয়ে গেল সরকারি ‘অকুপ্যান্সি সার্টিফিকেট’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স হ্যান্ডলে (X handle) নিজেই এই বড়সড় ঘোষণা করে জানিয়েছেন, হিডকোর বরাদ্দ করা ১৭ একর জমিতে তৈরি হচ্ছে এই অত্যাধুনিক প্রযুক্তি কেন্দ্র, যেখানে কাজের সুযোগ তৈরি হবে অন্তত ৫০০০ তথ্যপ্রযুক্তি পেশাদারের জন্য।
এই নতুন আইটি পার্কে থাকছে—
একটি অফিস টাওয়ার,
একটি ব্যবসায় সহায়ক কেন্দ্র,
একটি নলেজ ক্যাম্পাস,
সব মিলিয়ে প্রায় ১৪.৫ লক্ষ বর্গফুট এলাকায় বিস্তৃত এই ক্যাম্পাসে প্রায় ১২০০ কোটি টাকা বিনিয়োগ করছে আইটিসি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বাংলা এখন শিল্প-বান্ধব, প্রযুক্তি-বান্ধব। পরিকাঠামো ও প্রশাসনিক স্বচ্ছতা বাংলাকে করে তুলেছে বিনিয়োগের আদর্শ গন্তব্য।” বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই এই প্রকল্পের বীজ বোনা হয়েছিল। এবার সেই স্বপ্ন বাস্তব রূপ নিচ্ছে নিউটাউনে। প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান ও অর্থনৈতিক বিকাশের দিশায় এটি নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ।