চমকপ্রদ এক পদক্ষেপে কলকাতার নিউটাউনের (NewTown) মিনি চিড়িয়াখানাকে দত্তক নিল রাষ্ট্রায়ত্ত খনি সংস্থা ‘কোল ইন্ডিয়া লিমিটেড’। গোটা চিড়িয়াখানাকে দত্তক নেওয়ার ঘটনা এই প্রথম, জানালেন রাজ্যের বন দফতরের আধিকারিকেরা। এতদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন চিড়িয়াখানায় এক বা একাধিক পশু-পাখি দত্তক নেওয়ার চল ছিল, কিন্তু গোটা একটি চিড়িয়াখানা একসঙ্গে কোনও সংস্থার দায়িত্ব নেওয়ার নজির এই প্রথমবার।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিউটাউন ইকোপার্ক সংলগ্ন এই মিনি জু-এর দায়িত্ব গ্রহণে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে কোল ইন্ডিয়া। আগামী এক বছরের জন্য তারা এই চিড়িয়াখানার সার্বিক রক্ষণাবেক্ষণ, পশু-পাখিদের খাবার, চিকিৎসা ও পরিচর্যার সমস্ত খরচ বহন করবে। প্রয়োজনে পরবর্তী বছরগুলিতে চুক্তির মেয়াদ বাড়ানোও হতে পারে।
২০১৬ সালে হিডকো এই চিড়িয়াখানার সূচনা করে ‘ডিয়ার পার্ক’ হিসেবে। পরে ২০২৩ সালে রাজ্য জু অথরিটির তত্ত্বাবধানে এটি মিনি চিড়িয়াখানায় রূপান্তরিত হয়। প্রায় ১৫ একর জমিতে বিস্তৃত এই চিড়িয়াখানায় রয়েছে ১০০-রও বেশি পশু-পাখি, যার মধ্যে অধিকাংশই ভারতীয় বন্যপ্রাণী। হরিণ, বাঁদর, কুমির, জেব্রা, জলহস্তি ছাড়াও রয়েছে বিদেশি কাকাতুয়া, অ্যামাজন প্যারট সহ নানা প্রজাতির পাখি। চিড়িয়াখানার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ও সিংহ আনার পরিকল্পনাও।
এই চুক্তির মাধ্যমে শুধু এক অভিনব নজিরই তৈরি হল না, বরং পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এক দায়িত্বশীল বার্তাও পৌঁছাল সমাজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য জু অথরিটির সেক্রেটারি সৌরভ দত্ত, আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায়, কোল ইন্ডিয়ার শীর্ষ আধিকারিকরা সহ একাধিক বনকর্তা।
আরও পড়ুন: Rashmika Mandana: বঙ্গার পাশে দাঁড়িয়েছেন এবার রশ্মিকা