শিক্ষক নিয়োগ নিয়ে চলা দীর্ঘ জটিলতার পর অবশেষে প্রকাশিত হল এসএসসি-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে-র মধ্যেই এই গেজেট নোটিফিকেশন প্রকাশ করল নিয়োগ পর্ষদ। ঠিক ক্যালেন্ডারের নির্ধারিত দিনে, বৃহস্পতিবার রাতে এটি আপলোড করা হয় ওয়েবসাইটে।

নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গেজেট অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৪০ বছর। তবে রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, জনজাতি ও ওবিসি প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

এছাড়াও, স্বচ্ছতা ও দায়িত্ববোধ বজায় রাখতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। যেমন—

*মেধা তালিকা প্রকাশের পর প্রথম কাউন্সেলিংয়ের দিন থেকেই প্যানেলের মেয়াদ এক বছর।

*বিশেষ ক্ষেত্রে এই মেয়াদ আরও ছয় মাস বাড়ানো যেতে পারে।

*ওএমআর শিট দু’বছর সংরক্ষণ করা হবে, এবং তার স্ক্যান কপি ১০ বছর পর্যন্ত রাখা হবে।

*ওএমআর শিটের স্ক্যান কপিগুলো ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

এর আগে, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে ৩১ মে’র আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়সীমার একদিন আগেই প্রকাশ করা হল এই গুরুত্বপূর্ণ নিয়োগ নোটিফিকেশন।

 

আরও পড়ুন: Jayanta Singh: আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের দুধ-সাদা অট্টালিকা ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত, জুনেই শুরু কাজ

By Sk Rahul

Senior Editor of Newz24hours