দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) এবার সন্ধ্যার আকাশে ছড়াবে নতুন আলো। মন্দির চত্বর জুড়ে বসানো হচ্ছে ১২টি দৃষ্টিনন্দন প্রদীপস্তম্ভ। প্রতিটি স্তম্ভে থাকবে ৫৬টি করে ধাতব বাতি—সব মিলিয়ে ৬৭২টি দীপ্তিমান আলো একসঙ্গে জ্বলে উঠবে সন্ধ্যা নামলেই। এই উদ্যোগে শোভা ও পবিত্রতার এক নতুন সংমিশ্রণ দেখা যাবে বলে আশাবাদী প্রশাসন।

৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্বোধনের পর থেকেই প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী ভিড় করছেন মন্দিরে। ভিড় বাড়ছে সন্ধ্যার পর, যখন মন্দির চত্বর আলোর রোশনাইয়ে সেজে ওঠে। এবার নতুন এই প্রদীপস্তম্ভগুলি মন্দিরের সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশকে আরও মহিমান্বিত করবে।

মন্দিরের বাইরেও সাজানো হচ্ছে ‘ডালা আর্কেড’ নামে ৩৬টি স্টলের দুটি কমপ্লেক্স, যেখানে মিলবে পুজোর প্রয়োজনীয় সামগ্রী। বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে চৈতন্য গেট ও মাসির বাড়িতেও। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে সরানো হচ্ছে ফিডার পিলার বক্স।

শুধু ধর্ম নয়, এই প্রকল্প ঘিরে খুলে যাচ্ছে দিঘার অর্থনীতির নতুন দরজাও। ভক্তদের ভিড়ে জমে উঠছে স্থানীয় ব্যবসা। রোজ গড়ে ৫৫-৬০ হাজার মানুষ এবং সপ্তাহান্তে তার দ্বিগুণেরও বেশি পুণ্যার্থী আসছেন মন্দির দর্শনে। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড থেকেও চলছে ভক্তদের আগমন।

নিরাপত্তায় কোনও খামতি নেই—নাকা চেকিং চলছে উদয়পুর সীমান্তে, মন্দিরে রয়েছে কড়া নজরদারি। হিডকো করছে আলো বসানোর কাজ। জেলার শাসক পূর্ণেন্দু মাজী জানিয়েছেন, এই নতুন উদ্যোগ শুধু আলো নয়, দেবে দিঘার জগন্নাথ মন্দিরকে এক অনন্য দীপ্তি।

 

আরও পড়ুন:Rakhi Gangwar: নিজ গ্রামে ‘প্যাড ওম্যান’: রাখীর এক ব্যতিক্রমী সামাজিক অভিযান

By Sk Rahul

Senior Editor of Newz24hours