ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল বা স্থগিত হচ্ছে। জাতীয় নিরাপত্তা ও জনসচেতনতার দিক বিবেচনা করে আগেই আবু ধাবির কনসার্ট স্থগিত করেছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এবার সেই পথেই হাঁটলেন গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।

 

আরো পড়ুন: India Pakistan: সংঘর্ষ বিরতির কয়েক ঘণ্টা পরেই হামলা পাকিস্তানের!

 

শনিবার, ১০ মে মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলা ‘অল হার্টস ট্যুর’-এর কনসার্ট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়া (Shreya Ghoshal)। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে তিনি লিখেছেন, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার হৃদয়ের খুব কাছের কনসার্ট ‘অল হার্টস’-এর মুম্বই পর্ব আপাতত স্থগিত করা হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের সঠিক সময় নয়। আমরা সবাই মিলে আবার দেখা করব, যখন সময় উপযুক্ত হবে। এই মুহূর্তে সবাই নিরাপদে থাকুন, ভাল থাকুন।”

শ্রেয়ার (Shreya Ghoshal) এই মানবিক বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। বহুজনই গায়িকার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে, অরিজিৎ সিংয়ের টিমের তরফ থেকেও ৯ মে আবু ধাবিতে তাঁর কনসার্ট স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। তাঁরাও জানিয়েছেন, যুদ্ধের সম্ভাব্য আবহে এমন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান আয়োজন ঠিক নয়। কনসার্ট বাতিল না হলেও, আপাতত তা স্থগিত থাকবে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে।

এর আগেও, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ২৭ এপ্রিল চেন্নাইয়ে অরিজিৎ-এর কনসার্ট বাতিল করা হয়েছিল। পরপর এই সিদ্ধান্তগুলি প্রমাণ করে, শিল্পীরাও দেশের সংকটকালে দায়িত্বশীলতার বার্তা দিতে পিছিয়ে থাকেন না।

By Torsha