ফের এক বার দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনার আশা জাগিয়েও রুপো নিয়ে দেশে ফিরছেন হরমনপ্রীত কৌররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ভারতের এই হার মেনে নিতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিসিসিআই সভাপতির মতে, খেলা হরমনপ্রীতদের হাতে ছিল। সেখান থেকে হেরে যাওয়ায় হতাশা আরও বেশি হবে ভারতীয় দলের।
সুত্রের খবর, অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পরে টুইট করেন সৌরভ (Sourav Ganguly)। তিনি লেখেন, ‘রুপো জেতার জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা। কিন্তু ওরা হতাশ হয়ে দেশে ফিরবে। কারণ খেলা ওদের হাতে ছিল।’
আরও পড়ুন: Commonwealth Games 2022: কমনওয়েলথে রুপো জিতেই অস্ত্রোপচার সঙ্কেতের
কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ফাইনালে ভারতীয় মহিলা দলের এই হার ফিরিয়ে আনছে ২০১৭ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালের স্মৃতি। সে বার ফাইনালে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে তারা ২২৮ রান করেছিল। জবাব ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯১ রান ছিল ভারতের। সেখান থেকে ২১৯ রানে অলআউট হয়ে গিয়েছিলেন ঝুলন গোস্বামীরা। ৯ রানে ম্যাচ হেরেছিল ভারত। রবিবারের ফাইনালে হরমনপ্রীতদেরও অস্ট্রেলিয়ার কাছে সেই ৯ রানেই হারতে হয়েছে।