কমনওয়েলথে (Commonwealth Games 2022) অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। খেলা চলাকালীন ডান হাতের কনুইয়ে চোট পান তিনি। হাতের চোট গুরুতর হওয়ায় অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। সঙ্কেতের চিকিৎসার খরচ দিচ্ছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ভারতীয় ভারোত্তোলকের অস্ত্রোপচারের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।
কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারোত্তোলনে ৫৫ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় প্রয়াসে ১৩৯ কেজি ভার তোলার সময় ডান হাতের কনুইয়ে চোট পান সঙ্কেত। পরের প্রয়াসের সময় আর ভার তুলতে পারেননি তিনি। সব মিলিয়ে ২৪৮ কেজি (স্ন্যাচে ১১৩ ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩৫) ভার তোলেন তিনি। সুত্রের খবর, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘সঙ্কেতের চোটের পরে তাঁকে ব্রিটেনের চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। ভারত সরকার সঙ্কেতের চিকিৎসার খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।’
আরও পড়ুন: Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন নিখাত
ব্রিটেনের এক হাসপাতালে সঙ্কেতের অস্ত্রোপচার হয়েছে। তাঁর শারীরিক অবস্থার কথাও জানিয়েছে মন্ত্রক। সেই বিবৃতিতে জানানো হয়েছে, ‘সঙ্কেতের শারীরিক অবস্থা স্থিতিশীল। ব্রিটেনের হাসপাতালে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।’ (Commonwealth Games 2022)