আবারও এসএসকেএম হাসপাতালে (Anubrata) অনুব্রত মণ্ডল। তাঁর গলায়, বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে বলে সূত্র মারফত জানা গেছে।
আজই তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। গরু পাচার মামলায় তৃণমূল নেতাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তবে এবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই সিবিআই হাজিরা এড়িয়েছেন বীরভূম জেলা তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা।
গতকালই বীরভূমের বাড়ি থেকে কলকাতার চিনার পার্কের ফ্ল্যাটে এসে উঠেছিলেন অনুব্রত মণ্ডল। শারীরিক সমস্যা নিয়ে আজ তিনি গেলেন এসএসকেএমে।
গরু পাচার মামলায় তাঁকে নবম বারের জন্য তলব করে সিবিআই। আজ সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল।
কিন্তু এবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই ডাক ফিরিয়েছেন তৃণমূল নেতা (Anubrata)।
উল্লেখ্য, সম্প্রতি বীরভূম ও কলকাতার মোট ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই।
সেই তল্লাশিতে নগদ ১৭ লক্ষ টাকা, হার্ডডিস্ক, ১০টি মোবাইল ফোন, বেশ কয়েকটি পেন ড্রাইভ উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
মিলেছে বেশ কিছু নথিও। বীরভূমের তৃণমূল নেতা তথা অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজনের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই।
সেই তল্লাশিতেও বেশ কিছু নথি উদ্ধার করেন তদন্তকারীরা। সেই সব নথির উপর ভিত্তি করেই বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আজই তাঁকে নিজাম প্যালেসের অফিসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। তবে সূত্র মারফত জানা গিয়েছে সিবিআইকে ইমেল করে হাজিরা এড়ানোর কারণ জানিয়েছেন অনুব্রত মণ্ডল।
সূত্রটি জানিয়েছে, এবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই সিবিআই হাজিরা এড়িয়েছেন তিনি।