২০১৮ সালে মুক্তি পাওয়ার পর ‘তুম্বাড়’ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। যদিও প্রথম বার মুক্তির সময় বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি। তবে ২০২৪ সালে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর বদলে যায় ছবির ভাগ্য। বক্স অফিসে ভাল ব্যবসা করে ছবিটি। এ বার সেই ছবির দ্বিতীয় পর্ব ‘তুম্বাড় ২’ ঘিরেও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। ছবিতে সোহম শাহের সঙ্গে দেখা যাবে আলিয়া ভট্টকে।
চলতি বছরের জুলাই মাসে ‘তুম্বাড় ২’-এ আলিয়ার অভিনয়ের খবর প্রকাশ্যে আসে। তাঁর চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ছবিতে অভিনেত্রীকে তুলনামূলক ভাবে দীর্ঘ ক্যামিয়ো চরিত্রে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়াকে ছবিতে নেওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন সোহম। তাঁর দাবি, মাত্র দু’টি বৈঠকের পরেই ছবিতে কাজ করতে রাজি হয়ে যান অভিনেত্রী।
সোহম জানান, প্রথমে আলিয়ার সামনে ছবির চিত্রনাট্য তুলে ধরা হয়। গল্প শুনে তাঁর ভাল লাগে। এর পর অভিনেত্রী নিজেই পুরো চিত্রনাট্য পড়ে দেখেন। সোহমের কথায়, আলিয়া অত্যন্ত পেশাদার এবং আন্তরিক। তাই তাঁর সঙ্গে কাজের প্রক্রিয়াটিও খুব সহজেই এগিয়েছিল।
অভিনেত্রীর বুদ্ধিমত্তারও প্রশংসা করেছেন সোহম। তাঁর মতে, আলিয়া শুধু অভিনয় নয়, ছবির ব্যবসায়িক দিক সম্পর্কেও যথেষ্ট সচেতন। প্রথম বৈঠকেই চিত্রনাট্য নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন তিনি। গল্প শোনার দু’-তিন দিনের মধ্যেই পুরো চিত্রনাট্য পড়ে ফেলেন আলিয়া। তার পর দ্বিতীয় বার দেখা হওয়ার পরই ছবিতে অভিনয়ের চুক্তিতে সই করেন তিনি।
সোহমের মতে, কোনও অভিনেতাকে এত দ্রুত ছবির জন্য রাজি করানো সাধারণত সহজ নয়। বেশির ভাগ ক্ষেত্রেই সিদ্ধান্ত নিতে অনেকটা সময় লাগে। তবে ‘তুম্বাড় ২’-এর গল্প এবং সম্ভাবনা আলিয়াকে এতটাই আকৃষ্ট করেছিল যে তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রসঙ্গত, ‘তুম্বাড় ২’-এ সোহম ও আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নওয়াজ়উদ্দীন সিদ্দীকীকে। ছবির কাস্টিং প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটি নিয়ে কৌতূহল বেড়েছে। সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।
আরও পড়ুন: গোয়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত নানা পাটেকর, ৭৫-এ থামল দাপুটে অভিনেতার পথচলা
Image source-Google