নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রচার ইতিমধ্যেই শুরু হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত ‘প্রথম সংকল্প’ অনুষ্ঠানে ছবির প্রথম ঝলক প্রকাশের পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। সেখানেই সীতার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী সাই পল্লবী।
সাইয়ের কথায়, অভিনয়জীবনে এমন চরিত্র খুব কম শিল্পীর ভাগ্যেই আসে। তাঁর বিশ্বাস, তিনি নিজে সীতার চরিত্র বেছে নেননি, বরং এই চরিত্রে অভিনয়ের সুযোগ তাঁর কাছে আশীর্বাদের মতো এসেছে।
চরিত্রের প্রস্তুতি নিয়ে অভিনেত্রী জানান, শুটিং চলাকালীন তিনি নিয়মিত ধ্যান করতেন। নিজের অভিনয়ের মাধ্যমে যেন সীতার ভাবমূর্তি সঠিকভাবে ফুটে ওঠে, সেই প্রার্থনাই করতেন। পাশাপাশি তিনি নিজের চিন্তাভাবনা ও মানসিক অবস্থাকে যতটা সম্ভব পবিত্র ও ইতিবাচক রাখার চেষ্টা করেছেন, যাতে চরিত্রের প্রতি সম্পূর্ণ ন্যায়বিচার করা যায়।
অনুষ্ঠানে পরিচালক নীতেশ তিওয়ারি ও রণবীর কপূর ও সাই পল্লবীর প্রশংসা করেন। তাঁর কথায়, রণবীরের চোখে তিনি রামের উপস্থিতি দেখেছেন, আর সাইয়ের চোখে খুঁজে পেয়েছেন সীতার সরলতা ও আন্তরিকতা। তাই পর্দায় তাঁদের আর অভিনেতা হিসেবে নয়, রাম-সীতা হিসেবেই দেখতে পান তিনি।
নমিত মলহোত্র প্রযোজিত ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কপূর, সীতার ভূমিকায় সাই পল্লবী। এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, রাবণের ভূমিকায় যশ। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, কাজল অগ্রবাল, বিবেক ওবেরয়-সহ আরও অনেকে।
ছবির প্রথম পর্ব ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা আগামী বছরের দীপাবলিতে। ২৪ জুলাই বিশ্বজুড়ে ছবির প্রথম প্রচার-ঝলক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।