শীতের সন্ধ্যায় গরমাগরম ব্রাউনির সঙ্গে এক স্কুপ ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম—এই কম্বিনেশন মন ভালো করে দিতে যথেষ্ট। বাড়িতে ব্রাউনি বানানো মোটেই কঠিন কাজ নয়। তবে কিছু সাধারণ ভুল করলে স্বাদ ও টেক্সচারে সমস্যা দেখা দেয়। দোকানের মতো নরম, চকোলেটি ব্রাউনি পেতে হলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
১) ডিমের পরিমাণে গাফিলতি নয়
ব্রাউনি তৈরিতে ডিমের মাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি ডিম দিলে ব্রাউনি শক্ত ও শুষ্ক হয়ে যেতে পারে। আবার ডিম কম হলে ভিতরের নরম ভাব ঠিকমতো আসে না। তাই রেসিপিতে দেওয়া পরিমাণ মেনেই ডিম ব্যবহার করা ভাল।
২) ফ্রিজ থেকে বার করেই উপকরণ মেশাবেন না
ডিম, চকোলেট বা মাখন—সব উপকরণ যদি ঠান্ডা অবস্থায় থাকে, তবে ব্যাটার ঠিকমতো তৈরি হবে না। বেকিং শুরু করার আগে সমস্ত উপকরণ কিছুক্ষণ বাইরে রেখে ঘরের তাপমাত্রায় আনুন। তাতে ব্রাউনির টেক্সচার অনেক ভাল হবে।
৩) চকোলেটের মানে আপস করবেন না
ব্রাউনি মানেই চকোলেটের স্বাদ। তাই কোকো পাউডার বা ডার্ক চকোলেট যাই ব্যবহার করুন না কেন, সেগুলি যেন ভাল মানের হয়। উপকরণের গুণমান যত ভাল হবে, ব্রাউনির স্বাদও তত সমৃদ্ধ হবে।
৪) বেকিং ট্রে ও পাত্রের দিকে নজর দিন
যে পাত্রে ব্রাউনি বেক করছেন, তার পুরুত্ব ও উপাদানের উপর বেকিংয়ের সময় নির্ভর করে। পাত্র খুব পাতলা হলে বা ওভেনে বেশি সময় থাকলে ব্রাউনি সহজেই শক্ত হয়ে যেতে পারে।
৫) সময় ও তাপমাত্রার সঠিক সমন্বয় জরুরি
ওভেনের তাপমাত্রা ঠিক আছে কি না এবং কতক্ষণ বেক করছেন, তা খুব গুরুত্বপূর্ণ। যাঁরা একটু নরম, ফাজি ব্রাউনি পছন্দ করেন, তাঁরা ডিম কম দিয়ে অল্প সময় বেক করুন। আর কেকের মতো শক্ত ব্রাউনি চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে একটু বেশি সময় ওভেনে রাখতেই পারেন।
এই ছোটখাটো বিষয়গুলি মেনে চললেই বাড়িতেই তৈরি হবে রেস্তরাঁর মতো সুস্বাদু ব্রাউনি।