লিয়োনেল মেসির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে লাগাতার কটাক্ষ ও হেনস্থার মুখে পড়ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়—এমনই অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হলেন তাঁর স্বামী, পরিচালক-প্রযোজক ও বিধায়ক রাজ চক্রবর্তী। শনিবার থেকে সমাজমাধ্যমে ও বিভিন্ন মহল থেকে শুভশ্রীকে উদ্দেশ্য করে কুৎসিত মন্তব্য করা হচ্ছে বলে দাবি রাজের। রবিবার টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
রাজ জানান, “শুভশ্রীকে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তাই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। টিটাগড় থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। তবে কার বিরুদ্ধে অভিযোগ, তা এখনই প্রকাশ্যে বলা যাবে না। এতে তদন্তে অসুবিধা হতে পারে।”
অভিনেত্রী স্ত্রীর জন্য বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে কি না—এই প্রশ্নে রাজের সাফ জবাব, “শুভশ্রীর নিরাপত্তার জন্য আমি নিজেই যথেষ্ট।”
এর আগেই আনন্দবাজার ডট কম-এর কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ। তিনি বলেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির উপস্থিতিকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিন্দনীয়। যাঁরা টাকা দিয়ে টিকিট কেটেও মাঠে গিয়ে মেসিকে দেখতে পারেননি, তাঁদের প্রতি তাঁর সহানুভূতি রয়েছে। তবে সেই ঘটনার অজুহাতে সমাজমাধ্যমে ঘৃণা ছড়ানো এবং তাঁর স্ত্রীকে লক্ষ্য করে কটাক্ষ করা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট করেন তিনি।
রাজের অভিযোগ, কিছু রাজনৈতিক নেতা প্রকাশ্যেই বলেছেন—‘শুভশ্রী একজন অভিনেত্রী, তাঁর মাঠে যাওয়ার কী প্রয়োজন ছিল।’ এই ধরনের মন্তব্যকে তিনি অনৈতিক বলে উল্লেখ করেন। রাজের কথায়, “এই যুক্তি মানলে আমিও বলতে পারি, কোনও রাজনীতিবিদ বিশ্বকাপ দেখতে যান কেন? কিন্তু আমি এ ভাবে কাউকে অপমান করব না।”
শাসকদলের বিধায়কের দাবি, রাজনৈতিক মহলের উস্কানিতেই শুভশ্রীকে এ ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। তাঁর মতে, বিষয়টির সঙ্গে লিঙ্গবৈষম্যও জড়িয়ে রয়েছে। রাজ বলেন, “শুভশ্রী নারী বলেই হয়তো এত কটাক্ষ সহ্য করতে হচ্ছে। শাহরুখ খান মেসির সঙ্গে ছবি তুললেও তাঁকে এতটা আক্রমণের মুখে পড়তে হয়নি।” তাঁর দাবি, শুভশ্রীর জায়গায় টলিউডের অন্য কোনও অভিনেত্রী থাকলেও একই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হত।
আরও পড়ুন: Abhishek Banerjee: মহিলা সাংসদদের মধ্যে ‘কোন্দল’ নিরসনে উদ্যোগী অভিষেক, ডাকলেন জরুরি বৈঠক
Image source-Google