অবশেষে স্বস্তির খবর—এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে থাকার পর ছাড়া পেলেন জনপ্রিয় অভিনেতা জীতু কমল। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছিল ভক্তমহলে। সহ-অভিনেতা থেকে শুরু করে অনুরাগী—সবাই অপেক্ষায় ছিলেন প্রিয় অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির খবরে।

 

জানা গিয়েছে, রবিবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন জীতু। বর্তমানে অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি। চিকিৎসকের পরামর্শে কিছুদিন বিশ্রামে থাকবেন, তবে খুব শিগগিরই কাজে ফিরবেন বলেই জানা গেছে। সূত্রের দাবি, মঙ্গলবার থেকেই আবার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং শুরু করার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে জীতুর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য আসেনি।

 

ঘনিষ্ঠ সূত্রের খবর, বুকে সংক্রমণের কারণেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। সম্প্রতি পরপর শুটিংয়ের চাপও ছিল প্রচুর, ফলে শরীর পুরোপুরি ভেঙে পড়েছিল অভিনেতার। তবুও কাজের প্রতি দায়বদ্ধতা থেকে শুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। শেষপর্যন্ত পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়।

 

প্রসঙ্গত, ধান্যকুড়িয়ায় ‘এরাও মানুষ’ ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন জীতু কমল। গায়ে জ্বর, কাঁপুনি, বুকে ব্যথা—সব মিলিয়ে বেশ চিন্তার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটেই হঠাৎ অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সৌভাগ্যবশত, প্রাথমিক পরীক্ষায় তেমন গুরুতর কিছু ধরা পড়েনি।

 

বর্তমানে অভিনেতা ধীরে ধীরে সুস্থতার পথে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত বিশ্রামে থাকলেও খুব শিগগিরই তিনি কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁর ঘনিষ্ঠ মহল। অনুরাগীরাও এখন শুধু অপেক্ষা করছেন—প্রিয় অভিনেতাকে আবার আগের মতো পর্দায় দেখার জন্য।

আরও পড়ুন: Sandalwood: চন্দনের ছয় টোটকা: ভাগ্যোন্নতি থেকে দাম্পত্য সুখ—শুধু এই উপায়েই মিলবে সাফল্য ও শান্তি

Image source-Google

By Torsha