পুজোয় টলিউডের আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। একসঙ্গে মুক্তি পেয়েছে তাঁর দু’টি ছবি— ‘রক্তবীজ ২’ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই’। ইন্ডাস্ট্রির ভাষায়, এক ‘রাজা’র দুই ‘রানি’। তবে নিজের কাছে কোনটা ‘সুয়োরানি’ আর কোনটা ‘দুয়োরানি’? সেই প্রশ্নের উত্তরে যেমন অকপট, তেমনই নির্ভার অভিনেতা।
আবীর বলেন, “আমার কাছে সাফল্যের সংজ্ঞাটা একটু আলাদা। কেউ প্রশংসা করছেন, কেউ সমালোচনা— সেটাই তো ভাল! এত মানুষ ছবিগুলো দেখছেন, আলোচনা করছেন, এটাও তো বড় সাফল্য। দর্শক যদি ভাবেন, তবেই তো ছবি সফল।”
তিনি জানান, দুটো ছবির প্রতিক্রিয়া ভিন্ন হলেও উভয়েরই দর্শকপ্রিয়তা আছে। ‘রক্তবীজ ২’-এ কেউ তাঁর চরিত্র ‘পঙ্কজ সিংহ’-কে পছন্দ করেছেন, কেউ আবার বিতর্কও তুলেছেন। কিন্তু তাঁর মতে, “বিতর্ক মানেই আগ্রহ তৈরি হয়েছে— সেটাই ইতিবাচক দিক।”
ব্যোমকেশ বা সোনাদা— দুটি চরিত্রেই জনপ্রিয় আবীর। কিন্তু তিনি বলেন, “আমি কিন্তু ফ্র্যাঞ্চাইজ়ির ফ্যান নই। ব্যোমকেশ বা সোনাদা আলাদা কারণেই হয়েছে। তবে শুধুমাত্র ব্যবসার জন্য ফ্র্যাঞ্চাইজ়ি বানানোটা আমার পছন্দ নয়। আমি বরং নতুন গল্প বলতে ভালোবাসি।”
‘যত কাণ্ড কলকাতাতেই’-র প্রচারে অংশ নিতে পারেননি আবীর। বলেন, “মন খারাপ হয়েছিল, রাগও হয়েছিল। কিন্তু যখন দেখলাম দর্শক ছবিটা এত ভালোবাসছেন, তখন সব অভিমান গলে গেল। অনীক দত্তর ছবির এই সাফল্যই সবচেয়ে বড় প্রাপ্তি।”
অভিনেতার দাবি, “আমাদের কথাবার্তা বন্ধ হয়নি। কিছুটা উত্তপ্ত আলোচনা হয়েছিল, কারণ আমরা দু’জনেই ছবির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম। শেষে তো আমরা দু’জনেই ছবির ভাল চেয়েছি।
এই পুজোয় আবীরের বিপরীতে ছিলেন দুই নায়িকা— মিমি চক্রবর্তী ও বাংলাদেশের কাজী নওশাবা আহমেদ। আবীর মজা করে বলেন, “নওশাবার সঙ্গে এতটাই সিরিয়াস কাজ করেছি যে পরিচালক এক সেকেন্ড বেশি তাকালেও শট কেটে দিয়েছেন! আর মিমির সঙ্গে কাজ মজার। দর্শক যেমন রোম্যান্স আশা করেন, পরিচালক তার অন্য দিক দেখাতে চেয়েছেন।
‘যত কাণ্ড কলকাতাতেই’-এর সৈকতের দৃশ্য নিয়ে প্রশ্ন উঠলে হাসতে হাসতে বলেন, “সিনেমা তো অবাস্তব জিনিসই! আমি চেষ্টা করেছি চরিত্রের আড়ষ্টতাকে বাস্তবভাবে ফুটিয়ে তুলতে।”
স্ত্রী নন্দিনীর প্রতিক্রিয়া প্রসঙ্গে বলেন, “ও খুব খুশি। মা-বাবাও এই পেশার মানুষ, তাই তাঁরা আরও স্মার্ট।
পুজোর আগে থেকেই চলছিল ‘দেব বনাম আবীর’ বিতর্ক। এ বিষয়ে অভিনেতা বলেন, “এই ‘বনাম’-এর দায় কারও একার নয়। আমি যেমন কাউকে লেলিয়ে দিইনি, দেবও দেয়নি। আমরা দু’জনেই পরিশ্রম করে কাজ করি। যদি দুই ছবিই ভালো চলে, তাহলে সেটা ইন্ডাস্ট্রিরই লাভ।”
শেষে হাসিমুখে বলেন, “আমি নিজের মাপকাঠিতে আগে বুঝি সাফল্য কাকে বলে। তবেই তো পার্টি করা যাবে! আমি প্রমাণ করতে চাই না, আমি কেবল কাজ করতে চাই।”
Image source-Google