মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও নীল ভট্টাচার্য জুটি বাঁধতে চলেছেন নতুন বাংলা ধারাবাহিকে। নাম ‘ভোলে বাবা পার করেগা’। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের এই নতুন কাজ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

 

সাত বছর পরে ছোটপর্দায় ফিরছেন মধুমিতা, আর নীল ফিরলেন সাত মাস পর। মধুমিতা বললেন, “ধারাবাহিকে কাজ করলে অভিনয়ের অনুশীলনটা বজায় থাকে, তাই আবার ছোটপর্দায় কাজ করার সিদ্ধান্ত নিলাম।” অন্যদিকে নীল জানিয়েছেন, তিনি মুম্বইয়ে অভিনয়ের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন, যা নতুন চরিত্রে কাজে লাগবে।

 

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে ঝিলের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে, আর শাক্য চরিত্রে অভিনয় করছেন নীল। এ ধারাবাহিকে প্রথমবার র‍্যাপ গান গাইবেন মধুমিতা। মজার ছলে তিনি বলেন, “র‍্যাপ মুখস্থ করতে গিয়ে চোয়াল ব্যথা হয়ে গিয়েছিল! আমি সুরে খুব একটা সঠিক নই, তাই একটু ভয় লাগছে।”

 

ধারাবাহিকটির কাহিনি সমাজের বাস্তব সমস্যাকে তুলে ধরবে বলে জানিয়েছেন লেখিকা লীনা। তাঁর কথায়, “আমার প্রতিটি গল্পের মতোই এটাতেও সমাজের জন্য একটা বার্তা থাকবে। ভোলে বাবা যেন আমাদের সবার মন জয় করাতে সাহায্য করেন।”

 

নীল-তিয়াসা ও নীল-সৈরিতির মতো জনপ্রিয় জুটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। এবার মধুমিতা-নীল জুটি কি সেই জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে? নীল অবশ্য বলেন, “প্রত্যেক জুটির ভাগ্য আলাদা। তুলনা করার কিছু নেই।”

আরও পড়ুন: Deepika Padukone: সিদ্ধার্থকে ‘বিরক্তিকর’ বলেছিলেন দীপিকা, শুনেছিলেন ‘পাগল’ তকমা

Image source-Google

By Torsha