টলিউডে ফের আসছে আলোচিত থ্রিলার *রক্তবীজ*-এর সিক্যুয়েল। পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় সম্প্রতি প্রকাশ করেছেন ছবির নতুন গান *দিওয়ানা বানাইসেন*, যা দর্শকদের সামনে নিয়ে এসেছে কৌশানী মুখোপাধ্যায়ের চরিত্র ‘আয়েশা’র ঝলক। গানের দৃশ্যে দেখা গিয়েছে থাইল্যান্ডের প্রেক্ষাপটে অঙ্কুশ হাজরার চরিত্র ‘মুনির’ এবং আয়েশার প্রেমের কাহিনি, যা ছবির গল্পে বড়সড় চমকের ইঙ্গিত দিচ্ছে।
প্রথম ছবিতে অঙ্কুশের চরিত্রটি রহস্যে ঘেরা ছিল। ট্রেলারে শোনা গিয়েছিল মুনিরের সংলাপ—“যে জীবন দিতে পারে, সে জীবন নিতেও পারে।” এবার জানা গেল, মুনিরও একজন ডাক্তার, ঠিক যেমন আয়েশা। ডাক্তারি পড়ার সময় থেকেই তাদের প্রেমের শুরু। কিন্তু কীভাবে মুনির জড়িয়ে গেল সন্ত্রাসবাদে? সেই উত্তর জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে পুজো অবধি।
এর আগে প্রকাশিত গান *ও বাবুর মা* দুই বাংলার সংগীতপ্রেমীদের মন জয় করেছিল। *রক্তবীজ ২*-এর আরেকটি গান *অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না*-তেও ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়, যেখানে নুসরত জাহানের আইটেম ডান্স ব্যাপক সাড়া পেয়েছে। নতুন গানে প্রেমের আবহ এনে ছবির প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন পরিচালকদ্বয়।
২০২৩ সালের পুজোয় মুক্তি পেয়েছিল প্রথম *রক্তবীজ*, যা বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করে। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনীত প্রাক্তন রাষ্ট্রপতির চরিত্র ‘পুলু’ দর্শকদের মনে দাগ কেটেছিল। জাতীয় স্তরেও প্রশংসিত হয়েছিল ছবিটি। তাই সিক্যুয়েল নিয়ে উত্তেজনা আরও বেশি। গান ও টিজার প্রকাশের পর থেকেই বোঝা যাচ্ছে, এ বারও দর্শকদের জন্য অপেক্ষা করছে চমক এবং রোমাঞ্চে ভরা গল্প।
উইন্ডোজ প্রযোজিত *রক্তবীজ ২* মুক্তি পাবে ২০২৫ সালের পুজোয়। অঙ্কুশ-কৌশানীর জুটি, থ্রিলারধর্মী কাহিনি এবং অ্যাকশন-প্যাকড সিকোয়েন্সের পাশাপাশি এই ছবিতে থাকবে আবেগের গভীর ছোঁয়াও। নন্দিতা-শিবপ্রসাদ তাঁদের চলচ্চিত্রে যেমন গল্পের বাস্তবতা ও আবেগের মেলবন্ধন ঘটান, সিক্যুয়েলেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন অনুরাগীরা।
টলিউডের এই হিট জুটি যে আবারও বক্স অফিস মাতাতে প্রস্তুত, তা নতুন গানেই স্পষ্ট। এখন শুধু সময়ের অপেক্ষা—পর্দায় কেমন জমবে মুনির-আয়েশার প্রেম আর রহস্যঘেরা গল্প, তা দেখতেই মুখিয়ে আছেন দর্শকরা।
আরও পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা
Image source-Google