একসময় ছিলেন বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি। একসঙ্গে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন **দেব** ও **শুভশ্রী**। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ভাঙন তাদের মধ্যে তৈরি করেছিল দীর্ঘ নীরবতা। টানা দশ বছর কোনও যোগাযোগ ছিল না। মাঝেমধ্যে অনুষ্ঠানে মুখোমুখি হলেও একে অপরের সঙ্গে কথা বলেননি কেউ।

 

৪ অগস্ট সেই ইতিহাসে নয়া অধ্যায়। নজরুল মঞ্চে হাতে হাত রেখে প্রবেশ করলেন দেব ও শুভশ্রী। যদিও হাতের মধ্যে ছিল খানিকটা দূরত্ব, কিন্তু মঞ্চে পা রাখা মাত্রই দেবের খুনসুটি আর শুভশ্রীর হাসিতে গলে গেল বরফ।

 

সঞ্চালক রোহন ভট্টাচার্যের প্রশ্নে বেরিয়ে এল বহুদিনের রহস্য— শুভশ্রীর দাবি, দেবই নাকি তাঁকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছিলেন। এই স্বীকারোক্তিতে হইচই পড়ে যায় হলে। মঞ্চেই সেই অভিমান মিটিয়ে একে অপরকে ফের ইনস্টাগ্রামে ফলো করেন দু’জনেই।

 

প্রসঙ্গ আসে প্রতিযোগিতারও। গত বছর রাজ চক্রবর্তীর ‘সন্তান’ ও দেবের ‘খাদান’ একসঙ্গে মুক্তি পেয়েছিল। শুভশ্রীর প্রচারের হাসি নাকি দেবকে তাঁর ছবির প্রচারে আরও জোর দিতে প্রেরণা জুগিয়েছিল। এই প্রসঙ্গে দু’জনের খুনসুটি জমে ওঠে দর্শকদের সামনে।

 

দেব বলেন, “সবই তো আমার।” শুভশ্রীর ঠাট্টা, “ভাগ্যিস বলোনি ‘সন্তান’-ও তোমার!” দেবও রাজ চক্রবর্তীর প্রশংসায় জানান, *“আমরা দু’জনেই নিজের মনের কথা সহজে বলে দিই।”*

 

এক পর্যায়ে শুভশ্রী মজা করে বলেন, “আমাকে যা খুশি প্রশ্ন করো, আমার অন্তত মার খাওয়ার ভয় নেই।” ইঙ্গিতটা সবাই বুঝে নিয়ে হাসিতে ফেটে পড়েন দর্শকরা।

 

সবশেষে দেব ও শুভশ্রী জানান, তাঁরা দু’জনেই এখন নিজেদের জীবনে সুখী, এবং একে অপরের মঙ্গল চান। অনুষ্ঠান শেষ হয় তাঁদের জনপ্রিয় ছবি *চ্যালেঞ্জ*, *পরাণ যায় জ্বলিয়া রে* ও *রোমিয়ো*-র গানে নাচ দিয়ে— যেন পুরনো দিনের স্মৃতিতে ভরা এক সন্ধ্যা।

আরও পড়ুন: Ditipriya-Jeetu: ‘মেয়ে বলে সব সহ্য নয়’ — সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ দিতিপ্রিয়ার, ইঙ্গিত জীতুর দিকে?

Image source-Google

By Torsha