বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান ফের খবরের শিরোনামে, তবে এইবার অভিনয়ের জন্য নয়, গুরুতর চোট পাওয়ার কারণে। সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর পরবর্তী বড় বাজেটের ছবি ‘কিং’-এর শুটিং চলাকালীন তিনি চোট পান।

 

শাহরুখ এই ছবিতে প্রথমবার অভিনয় করছেন তাঁর কন্যা সুহানা খানের সঙ্গে। সম্প্রতি মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োতে এক জটিল অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন স্টান্ট করতে গিয়ে তিনি তাঁর পেশিতে চোট পান।

 

গত কয়েক মাস ধরে লন্ডনে ছবির আন্তর্জাতিক পর্যায়ের শুটিং চলছিল। তবে মুম্বইয়ের এই ইনডোর শিডিউলে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে আপাতত শুটিং স্থগিত রাখা হয়েছে। শাহরুখের টিম এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি না দিলেও, ঘনিষ্ঠ সূত্রে খবর, চোট মারাত্মক নয়—তবে ভবিষ্যতে যাতে কোনও জটিলতা না হয়, তার জন্য তাঁকে চিকিৎসার জন্য আমেরিকায় পাঠানো হচ্ছে।

 

বিশ্বস্ত সূত্র বলছে, বহু দিন ধরেই শাহরুখ খান পেশির ব্যথায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী এক মাস তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হতে পারে। ফলে ‘কিং’ ছবির শুটিং আগামী সেপ্টেম্বর বা নভেম্বর মাসে পুনরায় শুরু হতে পারে।

 

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অগণিত অনুরাগী। তবে আশার খবর, চিকিৎসক ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং গুরুতর কিছু আশঙ্কার প্রয়োজন নেই।

শাহরুখের সুস্থতা কামনায় ইতিমধ্যেই ভরে উঠছে সোশ্যাল মিডিয়া। অনুরাগীরা দ্রুত তাঁর ফিরে আসার অপেক্ষায়।

ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছর, তাই আগামী মাসগুলিই নির্ধারণ করবে শাহরুখের এই বহু প্রতীক্ষিত ছবির ভবিষ্যৎ।

আরও পড়ুন: Katrina Kaif: শাশুড়ির বানানো ভেষজ তেলেই ক্যাটরিনার ঝলমলে চুলের রহস্য!

Image source-Google

By Torsha