আমিষ খাওয়া ছেড়ে অনেকেই নিরামিষ খাবারের দিকে ঝুঁকছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় (Debchandrima Singha Roy)। এক সময় চিকেন স্যুপ ছাড়া চলত না তাঁর, আর এখন মাছ-মাংস দেখলেই নাকি অস্বস্তি হয়! ফলে আমিষ থেকে নিজেকে সরিয়ে এনেছেন তিনি।
আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে দেবচন্দ্রিমা জানান, এই সিদ্ধান্ত কারও প্রভাবে নয়, বরং পশুহত্যা নিয়ে তাঁর নিজের ভিতরেই প্রশ্ন জেগেছে। ছোটবেলা থেকেই পাঁঠার মাংস বা মাছের প্রতি বিশেষ আকর্ষণ ছিল না তাঁর। তবে গত চার-পাঁচ মাস ধরে একেবারেই আমিষ খাচ্ছেন না তিনি। যদিও ডিম এখনও ছাড়েননি, তাই নিজেকে পুরোপুরি নিরামিষাশী বলতে চান না।
দুই পোষ্যকে নিয়ে গড়ে ওঠা তাঁর ভালোবাসা আরও সংবেদনশীল করে তুলেছে তাঁকে। অভিনেত্রীর কথায়, “কোনও আধ্যাত্মিক কারণ নয়। সত্যি বলতে, এখন আর ইচ্ছেই করে না এই ধরনের খাবার খেতে। আগে চিকেন স্যুপ খুব পছন্দের ছিল, কিন্তু এখন তা থেকেও সম্পূর্ণ দূরে।”
তাহলে এখন দেবচন্দ্রিমার (Debchamdrima Singha Roy) রোজকার খাদ্যতালিকায় কী থাকছে? ডিম, পনির আর ডাল—এই তিনই এখন তাঁর মূল ভরসা। ভবিষ্যতে আবার মাছ বা মাংস খাওয়ার ইচ্ছা তৈরি হবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি।
আরও পড়ুন: Karishma Kapoor: ‘শুধু কাঁদত দিদি’—করিশ্মার কঠিন লড়াইয়ের সঙ্গী ছিলেন ছোট বোন করিনা
Image source-Google