নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার (Pahalgam Attack) পরে দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বাসভবনে পৌঁছান কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। দু’জনের এই হঠাৎ একান্ত বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। যুদ্ধ পরিস্থিতি কি তাহলে আর খুব দূরে নয়?

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও, যা জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তবে সরকারি মহলের আরেকটি সূত্র দাবি করছে, এ বৈঠকের প্রধান উদ্দেশ্য সিবিআই অধিকর্তা নির্বাচনের প্রক্রিয়া নিয়েই। কারণ, বর্তমান সিবিআই প্রধান প্রবীণ সুদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ মে। নতুন অধিকর্তা বাছাইয়ের জন্য যে উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়, তাতে থাকেন প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলনেতা।

এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর মোদির সঙ্গে বৈঠক নিছকই প্রশাসনিক বিষয় নাকি বৃহত্তর নিরাপত্তা কৌশলের অংশ, তা নিয়ে দ্বিধা কাটছে না। কারণ কাশ্মীরে হামলার পর রাহুল জানিয়েছিলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার যেকোনো পদক্ষেপ নিলে কংগ্রেস তার পাশে থাকবে।

আরও পড়ুন: Bangladesh: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি স্থগিত ঢাকায় সুপ্রিম কোর্টে

By Sk Rahul

Senior Editor of Newz24hours