একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) রাজ্যের বকেয়া না মেটানোয় এবার গ্রামোন্নয়ন মন্ত্রীর অফিসে প্রতিবাদ জানাতে যাবে (TMC) তৃণমূল কংগ্রেস

বুধবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সাংসদরা মন্ত্রী গিরিরাজ সিংয়ের দুয়ারে যাবেন।

মন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন।

‌কিন্তু সময় না পেলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতরের সামনে ধরনায় বসবে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিদল।

সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধরনায় বসবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

এদিকে কয়েকদিন আগে রেড রোডের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন, এবার দিল্লি চলো।

তারই প্রথম ধাপ হিসাবে এই ধরনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। যদিও পুলিশ অনুমতি দেবে না বলেই সূত্রের খবর।

সংসদ ভবনে দলের কার্যালয়ে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তারপরেই ধরনা, বিক্ষোভের সিদ্ধান্ত নেয় (TMC) তৃণমূল কংগ্রেস। তাই বুধবার সব সাংসদকে হাজির থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহের ধরনা মঞ্চ থেকে বলেন, ‘‌নেতাজি, গান্ধীজির মতো মণীষীদের ছবি হাতে নিয়ে, আমরাও দিল্লি যেতে পারি।

প্রয়োজনে ভাড়া করে ট্রেনে যাব। সংরক্ষণ না দিলে, মানুষ তার জবাব দেবে। যেখানে আটকে দেবে সেখানেই পথে বসে পড়ব।’‌