অ্যাডিলেডে এবার টি ২০ বিশ্বকাপের(T20 world cup) সবচেয়ে বেশি দর্শক হয়েছিল কাল। গ্যালারির বড় অংশই ছিল ভারতীয়দের দখলে। তারা ধরেই নিয়েছিল, ফাইনালে উঠবে ভারত। কিন্তু বিধাতা তাদের স্বপ্নভঙ্গের চিত্রনাট্য আগেই লিখে রেখেছিলেন।
জস বাটলার ও অ্যালেক্স হেলসের যুগল তাণ্ডবে একপেশে ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দারুণ এই জয়ে মহাখুশি ইংল্যান্ড অধিনায়ক বাটলার। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা নিজেদের সেরাটা দিতে পেরেছি আজ। এই অনুভূতি অতুলনীয়।’
এদিকে ফেভারিট হিসাবে মাঠে নেমেও ১০ উইকেটে হার। ভারত যেন চোকারে পরিণত হয়েছে। বড় টুর্নামেন্টে নকআউট পর্বে গেলেই দম ফুরিয়ে যায় তাদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা কোচ রাহুল দ্রাবিড় হতাশ দলের পারফরম্যান্সে। এর আগে ম্যাচ শেষে হতাশার কথা জানান অধিনায়ক রোহিত শর্মা, ‘এটা খুবই হতাশাজনক। ব্যাটিংয়ে আমরা বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু বোলিংয়ে ভালো করতে পারিনি। এটা কোনোভাবেই ১৬ ওভারের মধ্যে ম্যাচ শেষ করার উইকেট ছিল না।’
কোচ দ্রাবিড় বলেন, ‘যেভাবে সেমিফাইনালে(T20 world cup) খেললাম, সেটা সত্যিই হতাশার। তারা সব বিভাগেই আমাদের চেয়ে ভালো খেলেছে। স্কোর লাইন সেটাই প্রমাণ করে।’
ইংল্যান্ড অধিনায়ক বাটলার সম্পর্কে দ্রাবিড় বলেন, ‘সত্যিই সে বিপজ্জনক খেলোয়াড়। আমরা সেটা জানতাম। আমাদের খেলোয়াড়রা ওপেনিং জুটি ভাঙার চেষ্টায় ছিল। কিন্তু পারেনি। বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু সবই দারুণভাবে সামলেছে তারা।’
Image source – Google