এবারে ইডির (ED) নজরে পড়তে পারেন শাসক দলের নেতা মন্ত্রীরাও। ফিরহাদ হাকিম, মদন মিত্র, অর্জুন সিংহ-সহ ১৯ জন নেতা-মন্ত্রীদের সম্পত্তি কীভাবে বাড়ছে?
এই মর্মে ২০১৭ সালে জনস্বার্থ মামলা দায়ের করেন এক ব্যক্তি।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার কোটি কোটি টাকা সম্পত্তি। জেল হেফাজতে রয়েছেন তিনিও।
সোমবার সেই মামলার শুনানিতে ইডিকে (ED) পার্টি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
জানা গিয়েছে, ২০১১ সাল থেকে ২০১৬ পর্যন্ত এদের দেওয়া হলফনামা অনুযায়ী, কারও কারও প্রায় এক হাজার গুণ সম্পত্তি বেড়েছে। আয়কর দপ্তর মামলায় যুক্ত ছিল।
মামলাকারীর অভিযোগ ছিল, এই ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির পেছনে আর্থিক লেনদেনের ঘটনা থাকতে পারে।
আর আর্থিক লেনদেন সংক্রান্ত নয়ছয় খতিয়ে দেখে ইডি। তাই ইডিকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হল।
আগামী মাসে অর্থাত্ সেপ্টেম্বরের প্রথম দিকে এই মামলার পরবর্তী শুনানি হবে।