এজবাস্টন টেস্টে হেরেছে ভারত। এবার সাদা বলে মুখোমুখি হবে (India vs England)। করোনা মুক্ত হয়ে ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মা। প্রথম টি-টোয়েন্টিতে বিরাট কোহলী, যশপ্রীত বুমরারা না থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে থাকবেন তাঁরা। উল্টোদিকে ইংল্যান্ড দল নামবে নতুন অধিনায়ক জস বাটলারের নেতৃত্বে।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ (India vs England) ভারতীয় সময়ে শুরু হবে রাত সাড়ে দশটায়। সাদাম্পটনে হবে সেই ম্যাচ। রোহিত সেই ম্যাচে খেলতে পারেন। আয়ারল্যান্ডে খেলা তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে সিরিজ হারানো ঈশান কিশনদের সামনে সুযোগ ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার। অপরদিকে বাটলাররাও চাইবেন ঘরের মাঠে লাল বলের পর সাদা বলেও ভারতকে হারাতে।
আরও পড়ুন: MS Dhoni: ৪১ বছর বয়সী ধোনির জন্মদিনে ৪১ ফিটের কাট-আউট
ভারতের মতো ইংল্যান্ডের দলেও থাকবে একাধিক তরুণ মুখ। রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়া হ্যারি ব্রুক। রয়েছেন ফিল সল্ট, ম্যাথু পার্কিনসনদের মতো অনভিজ্ঞরা। সেই সঙ্গে থাকছেন আইপিএলে দাপট দেখানো লিয়াম লিভিংস্টোন, মইন আলি, টাইমাল মিলস, স্যাম কারেনরা। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দল গড়েছে ইংল্যান্ড। (India vs England)