যারা খুব ঘনঘন ট্রেনের সফর করেন বা যারা একসঙ্গে অনেকে মিলে বেড়াতে যান তাদের জন্য সুখবর। সম্প্রতি আইআরসিটিসি(IRCTC) ঘোষণা করল টিকিট কাটার উর্ধ্বসীমা এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে।
এবার থেকে আইআরসিটিসির(IRCTC) যে ইউজার আইডিগুলির আধার লিঙ্ক নেই সেগুলি থেকে প্রতিমাসে ৬ টি টিকিটের বদলে ১২ টি টিকিট এবং যে আইআরসিটিসি ইউজার আইডিগুলির সঙ্গে আধার নাম্বার সংযুক্ত আছে সেগুলির মাধ্যমে প্রতি মাসে ১২ টি টিকিটের বদলে ২৪ টি টিকিট কাটা যাবে।
জানা যাচ্ছে আইআরসিটিসি(IRCTC) এর ওয়েবসাইট এবং অ্যাপ থেকে টিকিট কাটা যাবে। আইআরসিটিসি-র এই নতুন সিদ্ধান্তের কথা এদিন টুইট করে জানায় রেল মন্ত্রক। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি আরও একটি পরিবর্তন আনছে আইআরসিটিসি। আইআরসিটিসি-র অনলাইন বুকিং এর ক্ষেত্রে ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট কাটতে গেলে ফোন নম্বর এবং ইমেইল আইডি ভেরিফাই করা বাধ্যতামূলক করা হচ্ছে। এতদিন পর্যন্ত এগুলি সর্বক্ষেত্রে লাগতো না। এই বিষয়ে জানানো হয়েছে রেলের টিকিট বুকিং এর সময় এবং সফরের সময় বৈধতা এবং স্বচ্ছতা বজায় রাখতেই এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।