কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের(WBCHSE) তরফের একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছিল উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলিতে আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হলো। কিন্তু রবিবার রাতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি নয়া বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে স্কুলে উপযুক্ত পরিকাঠামো, পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী থাকলে তবেই ভর্তি নেওয়া যাবে ৪০০ ছাত্র-ছাত্রী।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের(WBCHSE) তরফে বলা হয়েছে পূরণের নির্দেশিকাটি সেইসব শিক্ষা কেন্দ্রগুলির জন্য প্রযোজ্য যে বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে। এমনকি পরিকাঠামোগত দিক থেকে কি কি বিষয়ের উপর জোর দেয়া হয়েছে তাও উল্লেখ করা রয়েছে নতুন নির্দেশিকা।
শিক্ষা সংসদের তরফে জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে পরিকাঠামোগত দিক থেকে উন্নত এবং পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছে এমন বিদ্যালয়েই ৪০০ ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া যাবে।
গত শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরেই উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলিকে একাদশ শ্রেণিতে ভর্তির আসন সংখ্যা বাড়ানোর নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE)। সে নির্দেশিকায় বলা হয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা বাড়িয়ে ২৭৫ থেকে ৪০০ করা হলো।
কিন্তু এই নির্দেশিকার পরেই জেলা স্তরের বিভিন্ন স্কুল থেকে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় তাদের স্কুল এই মুহূর্তে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী চাপ নেওয়ার জন্য প্রস্তুত নয়। এক্ষেত্রে বিকল্প কোন বন্দোবস্তের আর্জি জানানো হয়। সেই কথামতোই রবিবার রাতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নতুন নির্দেশিকা জারি করে জানায় যেই স্কুলগুলোতে পর্যাপ্ত পরিকাঠামোর সঙ্গে উপযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছে সেখানেই শুধু মাত্র ৪০০ জন ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া যাবে।