আজ সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই বাড়িতে খিচুড়ি আর লাবড়া খেয়ে নিজের প্রিয় মানুষের সাথে সময় কাটানো। কিন্তু কিভাবে বানাবেন এই লাবড়া? আজকে সেই রেসিপি (Recipe) শেয়ার করবো আপনাদের সাথে। চলুন দেখে নিই রেসিপি (Recipe)।

উপকরণ:

৩টি মাঝারি আকারের আলু

২টি মিষ্টি আলু

৪-৫টি গাঠি কচু

৩টি বেগুন

১টি থোড়

২টি কাঁচকলা

১টি ফুলকপি

১টি বাঁধাকপি

১০-১২টি সিম

১০-১২টি বরবটি

বড় এক ফালি কুমড়ো

৫-৬টি কাঁচালঙ্কা

১ কাপ সর্ষের তেল

২-৩টি শুকনো লঙ্কা

২-৩টি তেজপাতা

আধ চা চামচ পাঁচফোড়ন

১ টেবিল চামচ আদাবাটা

২ কাপ নারকেল কোরা

১ চা চামচ হলুদ

স্বাদ অনুযায়ী নুন

পরিমাণ মতো চিনি

১ টেবিল চামচ ঘি

প্রণালী:

· প্রথমে আলু, রাঙালু, কাঁচকলা, কুমড়ো, গাঠি কচুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিন। বেগুনও কেটে নিতে হবে।

· থোড়ের খোসা ছাড়িয়ে গোল গোল করে কাটতে হবে। সঙ্গে ভিতরের আঁশও ছাড়িয়ে নিতে হবে।

· পাতা ছাড়িয়ে একটু বড় বড় করে ফুলকপি, বাঁধাকপি কেটে নিন।

· সিম, বরবটি লম্বা লম্বা করে কেটে রাখুন। কাঁচালঙ্কাগুলি মাঝ বরাবর চিরে নিন।

· এ বার বড় একটি পাত্রে জল ফুটতে দিন। সামান্য নুন দেওয়া যেতে পারে।

· ওই জলের মধ্যে প্রথমে বরবটি ভাপিয়ে তুলে নিন। তার পর কচুগুলোও একই ভাবে ভাপিয়ে তুলে রাখতে হবে।

· এ বার কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল গরম হতে দিন।

· তার মধ্যে প্রথমে বেগুনগুলো ভেজে তুলে ফেলুন। দ্বিতীয় ধাপে দিন কাঁচকলা। ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিন।

· একটু ভাজা হয়ে এলে দিয়ে দিন আদাবাটা। এ বার আলু, থোড়, কুমড়ো ভাজতে দিন। এই সময়ে কয়েকটি কাঁচালঙ্কা দিয়ে দিতে পারেন।

· সামান্য নাড়াচাড়া করে নিয়ে ফুলকপি এবং বাঁধাকপিও দিয়ে দিতে হবে। কড়াই ঢাকা দিয়ে ধৈর্য ধরে ধীরে ধীরে সবটা ভাজতে হবে।

· এ বার একে একে কচু, সিম, বরবটি দিয়ে দিন। নাড়তে নাড়তে দিয়ে দিন নারকেল কোরা।

· গুঁড়ো হলুদ, নুন, চিনি দিয়ে দিন এই সময়ে। একেবারে শেষে দিতে হবে ভেজে রাখা বেগুন এবং কাঁচকলা।

· সবটা ভাল করে মিশে গেলে একবারে শেষে ঘি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন লাবড়া।

আরও পড়ুন: TMC: তৃণমূল কর্মীকে খুন, উত্তেজনা নৈহাটিতে

Image source-Google

By Torsha