ইউক্রেনের বড় শহরগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া(Russia-Ukraine)। তার মধ্যেই ভারতীয় দূতাবাসের জারি করা নির্দেশিকা মেনে রোমানিয়া, পোল্যান্ড এবং হাঙ্গেরির সীমান্তে জড়ো হচ্ছেন ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা। এই দেশগুলোর আকাশপথ ব্যবহার করেই ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে।

ভারতের বিদেশমন্ত্রকের(MEA) তরফে জানানো হয়েছে প্রায় ১৮ হাজার ভারতীয় ইতিমধ্যে ইউক্রেন ছেড়েছেন। অপারেশন গঙ্গা(Operation Ganga)র অধীনে ৩০টি বিমানের মাধ্যমে এখনো ৬৪০০ জন দেশে ফিরেছেন।

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi) বলেন “বিমানের সংখ্যা বাড়ার ফলে এটাই বোঝা যাচ্ছে যে বেশিরভাগ ভারতীয় ইউক্রেন থেকে বেরিয়ে এখন প্রতিবেশী দেশগুলিতে রয়েছেন। আমরা এই সমস্ত ভারতীয় নাগরিকদের শীঘ্রই ভারতে ফিরিয়ে আনার প্রচেষ্টা আরও বাড়াব। আমরা আরও ফ্লাইটের সময় নির্ধারণ করছি এবং আগামী ২-৩ দিনের মধ্যে বিপুল সংখ্যক ভারতীয় দেশে ফিরে আসবে। আমি ইউক্রেনের সরকার এবং প্রতিবেশী দেশগুলির প্রশংসা করতে চাই আমাদের জনগণকে সরিয়ে নেওয়ার জন্য সহায়তা দেওয়ার জন্য।” তিনি এও আশ্বাস দিয়েছেন পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আরও ১৮ বিমান চালানো হবে।

রাশিয়া ইউক্রেনে(Russia-Ukraine) সংঘর্ষ পরিস্থিতি বিপুল পরিমাণে খাদ্য সংকট দেখা দিয়েছে ইউক্রেনে। ভারত থেকে ৯.৭ টন ত্রাণ বায়ুসেনার বিমান করে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের জন্য। সাথে সেখানে পৌঁছেছেন ভারতের ৪ কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু(Kiren Rijiju) কোসিস(Kosice)-এ দাঁড়িয়ে অঙ্গীকার করেছেন ইউক্রেন থেকে শেষ ভারতীয় নাগরিককে না সরানো পর্যন্ত তিনি দেশে ফিরবেন না।