দেশের এক নম্বর নাগরিক রাষ্ট্রপতি (Droupadi Murmu) দ্রৌপদী মুর্মু। তিনি যে আসলে মাটির মানুষ তা ফের বোঝালেন দেশের রাষ্ট্রপতি।

ভিআইপি নিরাপত্তা, গাড়ি এসব সরিয়ে রেখে আর পাঁচজন সাধারণ ভক্তের মতোই লম্বা রাস্তা হেঁটে পৌঁছলেন পুরীর জগন্নাথ মন্দিরে।

সাধারণ পুণ্যার্থীদের মতো দিলেন পুজো। শুধু রাষ্ট্রপতির নিরাপত্তার কারণে সঙ্গে ছিলেন কয়েকজন দেহরক্ষী।

দেশের রাষ্ট্রপতিকে এভাবে দেখে আপ্লুত জগন্নাথ মন্দিরের কর্তারা।

দেশের রাষ্ট্রপতি আসছেন বলে ব্যবস্থাপনা আরও নিখুঁত করার দিকেও মন ছিল পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের।

প্রভু জগন্নাথকে পূজার্ঘ্য নিবেদন করতে তাঁর যেন কোথাও কোনও সমস্যা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।

পুরীর গ্র্যান্ড রোডে বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে ট্রাফিক প্রায় বন্ধ ছিল রাষ্ট্রপতির আগমন উপলক্ষে।

প্রায় ৩ কিলোমিটার রাস্তা ছিল ব্যারিকেড-ঘেরা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই রাস্তা দিয়ে দর্শনার্থীদের প্রবেশ ছিল নিষিদ্ধ।কিন্তু তিনি এলেন আর জিতলেন সকলের হৃদয়।

সকলকে চমকে দিয়ে দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) নিজের বিলাসবহুল গাড়ি থেকে নেমে আসেন।

তারপর দেহরক্ষীদের সঙ্গে নিয়ে ব্যারিকেড ঘেরা রাস্তা দিয়ে সোজা প্রায় ৩ কিলোমিটার হেঁটে মন্দিরে ঢুকলেন রাষ্ট্রপতি।

পরনে ওড়িশার ঐতিহ্যবাহী সম্বলপুরী সিল্কের শাড়ি। ঘি-রঙা শাড়িতে তুঁতে পাড়।

চলার পথের দু’পাশে জমায়েত জনতার প্রতি নমস্কার করলেন, হাত মেলালেন ছোট ছোট স্কুলছাত্রীদের সঙ্গেও।

একেবারেই কাছের মানুষের মতো।জগন্নাথ মন্দিরে পৌঁছে তিনি নিয়ম মেনে পুজো দেন – জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।

পুজোশেষে পুরীর রাজ পরিবারের সঙ্গে রাজভবনে মহাপ্রসাদ গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু।

তারপর পূর্বপরিকল্পিত সূচি অনুযায়ী ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, রাজ্যপাল গণেশী লাল সঙ্গে দেখা করেন।